সন্তান জন্ম দিতে বাইক চালিয়ে হাসপাতালে নিউজিল্যান্ডের সংসদ সদস্য

Published: 28 November 2021

পোস্ট ডেস্ক :


সন্তান জন্ম দেওয়ার জন্য বাইক চালিয়ে হাসপাতালে গেছেন নিউজিল্যান্ডের সংসদ সদস্য জুলি অ্যান জেন্টার। স্থানীয় সময় শনিবার রাত ৩টার দিকে তিনি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা-মেয়ে উভয়েই ভালো আছে।

জানা গেছে, রাত ২টার দিকে তার প্রসববেদনা শুরু হয়। বাড়ির পাশেই হাসপাতাল হওয়ায় তিনি বাইক চালিয়ে সেখানে পৌঁছেন।

সন্তান জন্ম দেওয়ার ঘটনার বর্ণনা এবং ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জুলি। সেখানে ছবিগুলোতে দেখা যায়, তিনি বাইক চালিয়ে হাসপাতালে যাচ্ছেন। হাসপাতালে পৌঁছার পর হাসছেন। এরপর স্বামীর সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে আছেন। নবজাতক কোলে করে স্বামীকে পাশে নিয়েও একটি ছবি দিয়েছেন। আরেক ছবিতে নবজাতক কোলে জুলির স্বামী সোফায় চোখ বুজে আছেন।

জুলি লিখেছেন, মাত্র ১০ মিনিট বাইক চালিয়ে হাসপাতালে পৌঁছেছেন। রাত ৩টা ৪ মিনিটে তার কন্যা পৃথিবীর আলো দেখেছে। সুখবরটি ফলোয়ারদের দিয়েছেন জুলি নিজেই।

জুলি বলেছেন, বাইকে করে হাসপাতালে যাওয়ার পরিকল্পনা ছিল না। কিন্তু হুট করেই প্রসববেদনা শুরু হলে বাইক নিয়েই হাসপাতালে পৌঁছে যান তিনি।

জুলি আরো বলেন, রাত ২টায় আমার প্রসববেদনা তত বেশি ছিল না। তবে ১০ মিনিট পরই বেদনা বেশি হয়ে গিয়েছিল। এখন আমি ভালো আছি। আর আমার ছোট্ট মেয়েটি তার বাবার মতো ঘুমাচ্ছে। খুবই কম সময়ে সন্তান জন্ম দিতে সহায়তা করার জন্য হাসপাতালের সবার প্রশংসা করেছেন জুলি।

সোশ্যাল মিডিয়ায় বিষয়টি শেয়ার করার পর প্রশংসায় ভাসছেন ওই সংসদ সদস্যা। একজন লিখেছেন, প্রসববেদনা শুরু হওয়ার পর বাইক চালিয়ে হাসপাতালে যাওয়ার বিষয়টি সত্যিই প্রশংসার।

আরেকজন লিখেছেন, প্রসবযন্ত্রণা নিয়েও বাইক চালিয়ে হাসপাতালে গেছেন, আপনিই প্রকৃত সংসদ সদস্য।