কক্সবাজারে হোটেলে পর্যটকের লাশ, নারী সঙ্গীর দাবি আত্মহত্যা
বিশেষ সংবাদদাতা :

কক্সবাজার সাগর পাড়ের একটি আবাসিক হোটেল থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ ডিসেম্বর) ‘আলম গেস্ট হাউস’ নামের হোটেলের ২০৫ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মৃত পর্যটক সঞ্জয় কুমার সরকার (২৮) সিরাজগঞ্জ রায়পুরের বাঘাবতী এলাকার অজয় সরকারের ছেলে। হোটেলে থাকা তার সঙ্গী পূজা নুপুর (১৮) পুলিশকে বলেছেন, ‘গলায় ফাঁস লাগিয়ে সঞ্জয় আত্মহত্যা করেছেন।’
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দীন আহমেদ জানান, আত্মহত্যার খবর পেয়ে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা সঙ্গী নুপূরকে জিজ্ঞাসাবাদের জন্য ট্যুরিস্ট পুলিশ হেফাজতে আনা হয়। সঞ্জয় স্ত্রী-কন্যা রেখে অন্যজনের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন বলে পুলিশকে জানিয়েছে নিহতের পরিবার।
আলম গেস্ট হাউজের ভারপ্রাপ্ত সুপারভাইজার ফাহিম জানান, পহেলা ডিসেম্বর সকালে ২০৫ নম্বর রুমে উঠে তারা দুজন। শনিবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে নিহতের সঙ্গে থাকা নারীর চিৎকার শুনে গিয়ে দেখা যায়, যুবকের নিথর দেহ উত্তর দিকে মাথা রাখা অবস্থায় শোয়া। তারপর ৯৯৯-এ কল দিলে ট্যুরিস্ট পুলিশ আসে। পরে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত ঘোষণা করা হয়।




