পাবনায় মন্দির থেকে শিবলিঙ্গসহ ২৯টি শিলা পাথর চুরি

Published: 5 December 2021

বিশেষ সংবাদদাতা :


পাবনার চাটমোহরে একটি মন্দিরের জানালা ভেঙে বেশকিছু নারায়ন শিলা পাথরসহ শিবলিঙ্গ চুরির ঘটনা ঘটেছে। আজ রবিবার ভোররাতে উপজেলার হান্ডিয়াল মধ্য বাজারে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের রক্ষণাবেক্ষণকারী মৃত জীবন ঠাকুরের স্ত্রী প্রভাতী অধিকারী বলেন, তাদের বাড়ির উঠানে ব্যক্তিগত উদ্যোগে নির্মিত গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির রয়েছে। শনিবার রাত ৮টায় মন্দিরে পাঠ কীর্তন ছিল। আরতী শেষে ভক্তরা চলে যায়। রবিবার ভোর ৫টার দিকে ফুল তুলতে গিয়ে তিনি মন্দিরের জানালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে গিয়ে চুরির বিষয়টি দেখতে পান।

তিনি জানান, চোরেরা ৪টি কষ্ঠি পাথরসহ ২৯টি নারায়ন শিলা পাথর, একটি শিবলিঙ্গ, দুটি পিতলের আসন ও একটি কাঠের আসন চুরি করে নিয়ে গেছে। পরে চুরির বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারপরও প্রাথমিকভাবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।