ছেলেকে নিয়ে মায়ের চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ, অতঃপর…
বিশেষ সংবাদদাতা :

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর সাথে রাগ করে দেড় বছরের শিশুসহ এক মা চলন্ত ট্রেনের নিচে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে জয়দেপুর-বঙ্গবন্ধু সেতু রেলসড়কের উপজেলার গোড়াই ইউনিয়নে ভানুয়াবহ এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ পরিদর্শক) আইয়ুব খান সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলো গোড়াই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী স্বপ্না রানী ও দেড় বছরের শিশু সন্তান শীয়ান।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা সুশান্ত সরকারের সাথে তার স্ত্রী স্বপ্না রানী সরকারের সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে তিনি স্বামীর সাথে রাগ করে শীয়ানকে নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেল সাড়ে চারটার দিকে উত্তর ভানুয়াবহ এলাকায় ব্রিজের ওপর সন্তানসহ ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছে।
দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ পরিদর্শক) আইয়ুব খান বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয়ে ঝগড়া হওয়ার পর স্ত্রী স্বপ্না রানী সরকার শিশুসন্তান নিয়ে ট্রেন লাইনে গিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুলের সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও সম্ভব হয়নি।




