আগ্রাসন চালালে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে রাশিয়াকে- জি৭

Published: 12 December 2021

পোস্ট ডেস্ক :


রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায় তাহলে ভয়াবহ (ম্যাসিভ) পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জি৭। শিল্পোন্নত দেশগুলোর গ্রুপ-৭ এর শীর্ষ কূটনীতিকদের এক বৈঠকে এমন হুঁশিয়ারি দেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ইংলিশ শহর লিভারপুলে রোববার এ বৈঠক হয়। এতে লিজ ট্রুস বলেন, বিশ্বের মোট প্রবৃদ্ধির শতকরা ৫০ ভাগের প্রতিনিধিত্ব করে জি৭। তাদের সবার এ বিষয়ে সর্বসম্মত ও একীভূত সিদ্ধান্ত রয়েছে। বিষয়টি খুব পরিষ্কার। তাহলো, ইউক্রেনে আগ্রাসন চালালে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

উল্লেখ্য, পূর্ব-পশ্চিম সম্পর্কে যে সঙ্কট সৃষ্টি হয়েছে, তার কেন্দ্রে আছে ইউক্রেন। এরই মধ্যে এই দেশটির সীমান্তে প্রায় এক লাখ সেনার সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। এতে মনে করা হচ্ছে, ইউক্রেনে বড় ধরণের কোনো সামরিক হামলা চালাতে পারে রাশিয়া। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, আগামী বছরের শুরুতে সীমান্তে এক লাখ ৭৫ হাজার সেনার সমাবেশ ঘটানোর পরিকল্পনা নিচ্ছে রাশিয়া। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। তারা বলেছে, রাশিয়াভীতি গ্রাস করেছে পশ্চিমাদের।