হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ওমিক্রন আক্রান্তদের- ব্রিটিশ শিক্ষামন্ত্রী

Published: 12 December 2021

পোস্ট ডেস্ক :

এখন হাসপাতালে দেয়া হচ্ছে করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট ওমিক্রনের চিকিৎসা। স্কাই নিউজকে এ তথ্য জানিয়েছেন ব্রিটেনের শিক্ষামন্ত্রী নাদিম জাহাভি। তিনি আরো বলেছেন, প্রাথমিক স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের এখনও টিকা দেয়ার কোনো পরিকল্পনা নেই। করোনা ভাইরাসের বুস্টার কর্মসূচি নিয়ে আজ দিনের শেষে বিস্তারিত ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী বরিস জনসন। শিক্ষামন্ত্রী বলেন, ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রন যদি কম ভয়াবহ লক্ষণ প্রকাশ করে, তাহলেও উচ্চ মাত্রায় সংক্রমিত হতে পারে হাজার হাজার মানুষ। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দিতে হবে। স্কাই নিউজের ট্রেভর ফিলিপস অন সানডে প্রোগ্রামে তিনি বলেছেন, আপনাকে নিশ্চিত করে বলতে পারি, ওমিক্রন নিয়ে হাসপাতালগুলোতে অবস্থান করছেন রোগীরা। তিনি নতুন এই ভ্যারিয়েন্টকে খুব বেশি সংক্রামক বলে উল্লেখ করেন এবং বলেন, এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা সূচকীয়হারে বৃদ্ধি পাবে।

উদাহরণ দিয়ে তিনি বলেন, ডিসেম্বরের শেষ নাগাদে যদি ১০ লাখ মানুষ আক্রান্ত হন, তার শতকরা একভাগ- যা ১০ হাজার, এই সংখ্যক মানুষ মারাত্মক সংক্রমিত হতে পারেন। তাদেরকে হাসপাতালে যেতে হতে পারে। তিন দিন পরে আক্রান্তের সংখ্যা ২০ লাখে দাঁড়াতে পারে। তার তিনদিন পরে এই সংখ্যা দাঁড়াতে পারে ৪০ লাখ। তার তিনদিন পরে এই সংখ্যা দাঁড়াতে পারে ৮০ লাখ। ঝুঁকিটা এখানেই। যদি এই ভ্যারিয়েন্ট হাল্কাও হয়, ডেল্টার চেয়ে যদি শতকরা ৫০ ভাগ লঘুও হয়, তবুও আক্রান্তের এই সংখ্যাটা বিশাল।

উচ্চ মাত্রার এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য বিধিনিষেধ আরোপ করা নিয়ে তিনি বলেন, আমরা এইসব ব্যবস্থা নিয়েছি পূর্ব সতর্কতা হিসেবে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো বিজ্ঞানীরা আমাদেরকে বলেছেন বাসায় বসে কাজ করার পরামর্শ দিতে। এর মধ্য দিয়ে ওমিক্রন সংক্রমণ অনেকাংশে কমে আসবে।

বুস্টার ডোজ বা বুস্টার কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, এই কর্মসূচি ৩০ বছর উত্তীর্ণদের জন্য বিস্তৃত করা হয়েছে। এখন এই লড়াই হলো বুস্টার, সুরক্ষা ও ওমিক্রনের মধ্যে। এরই মধ্যে কমপক্ষে ২ কোটি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। যারা প্রাপ্ত বয়স্ক এবং বুস্টার ডোজ পাওয়ার যোগ্য তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বুস্টার ডোজ নিতে হবে।