করোনা : ফ্রান্সে দিনে আক্রান্ত হতে পারেন এক লাখ

Published: 22 December 2021

পোস্ট ডেস্ক :


ভয়াবহ এক সতর্কতা দিলেন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ওলিভার ভেরান। তিনি বলেছেন, প্রতিদিন ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত এক লাখে পৌঁছে যেতে পারে। জানুয়ারির শুরুর দিকে যেসব মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হবেন, তার মধ্যে বেশিরভাগই ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত হতে পারেন। ফ্রান্সে এখন দিনে আক্রান্তের সংখ্যা প্রায় ৭০ হাজার। এ অবস্থায় করোনা মহামারির পঞ্চম ঢেউ মোকাবিলা করছে দেশটি। ওদিকে ফ্লাইট ও বাসের নতুন সব টিকেট বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধ করে দিচ্ছে সিঙ্গাপুর।

কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণের ক্ষেত্রে চার সপ্তাহের জন্য এই বিধান চালু হচ্ছে। ওমিক্রনের ঝুঁকির কথা উল্লেখ করে সরকার বলেছে, এই বিধিনিষেধের ফলে করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য কিছুটা সময় পাওয়া যাবে।

বৃটেনে কমপক্ষে ১৪ জন ওমিক্রনে মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন আক্রান্ত ১২৯ জন।

স্কাই নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিষয়ক প্রতিমন্ত্রী জিলিয়ান কিগান। তিনি বলেছেন, ডাটা অনুযায়ী প্রয়োজনে করোনাভাইরাস বিষয়ে আরো বিধিনিষেধ আরোপ করতে দ্বিধা করবে না বৃটিশ সরকার। সিঙ্গাপুরগামী যাত্রীদের জন্য কোয়ারেন্টিমুক্ত সফরের টিকেট বিক্রি স্থগিত করেছে মালয়েশিয়াও। আকাশপথে বা স্থলপথে উভয় ক্ষেত্রেই এই নিয়ম করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমন নিয়ন্ত্রণে রাখতে রেস্তোরাঁ খোলা রাখার সময়ের ওপর বিধিনিষেধ দিচ্ছে ফিনল্যান্ড সরকার। বলা হয়েছে, বড়দিন উপলক্ষে বারগুলোকে রাত ৯টার মধ্যে এলকোহল বিক্রি বন্ধ করতে হবে। একই সঙ্গে বার বন্ধ করে দিতে হবে ১০টার মধ্যে। ২৮শে ডিসেম্বর থেকে বিকাল শুধু ৫টা পর্যন্ত এলকোহল বিক্রি করা যাবে। বার বন্ধ করতে হবে সন্ধ্যা ৬টার মধ্যে। রেস্তোরাঁ বন্ধ করতে হবে রাত ৮ টার মধ্যে।