লিবিয়া উপকূলে ২৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

Published: 27 December 2021

পোস্ট ডেস্ক :


অভিবাসীবাহী নৌকা ডুবির ঘটনায় লিবিয়ার পশ্চিম উপকূল থেকে ২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা এমইএইচআর এ তথ্য জানিয়েছে।

ভূমধ্যসাগরকে বিশ্বের শীর্ষ ঝুঁকিপূর্ণ অভিবাসী পথ হিসেবে বিবেচনা করা হয়। এই পথ পাড়ি দিয়ে আফ্রিকার দেশগুলো থেকে ইউরোপে যাওয়া চেষ্টা করেন অভিবাসনপ্রত্যাশীরা। সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।

স্থানীয় সময় রবিবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, লিবিয়ান রেড ক্রিসেন্টের সদস্যরা ত্রিপোলি থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে আল-আলুসের সমুদ্র সৈকতের দুটি ভিন্ন জায়গা থেকে অভিবাসীদের ২৮টি মরদেহ উদ্ধার করেছেন। অবশ্য তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, উদ্ধার করা মরদেহগুলোতে পচন ধরে গেছে। বেশ কয়েক দিন আগেই নৌকাটি দুর্ঘটনার শিকার হয়ে ডুবে যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, উপকূলের কাছে ব্যাগের মধ্যে মরদেহগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে।