উত্তর প্রদেশে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার ২০০ কোটি রুপি, গ্রেপ্তার
পোস্ট ডেস্ক :

ভারতের কানপুরের এক ব্যবসায়ীর বাড়ি থেকে ২০০ কোটি রুপিরও বেশি উদ্ধার করা হয়েছে। এরইমধ্যে তাকে কর ফাঁকি দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তারা তার বাড়িতে অভিযান চালালে বেড়িয়ে আসতে শুরু করে একের পর এক রুপির বাণ্ডিল। এক ছবিতে দেখা গেছে ঘরের মেঝেতে স্তুপ করে রাখা হয়েছে সেই রুপি। সেগুলো গুনছেন অভিযান চালানো কর্মকর্তারা। তার বাড়ি ও কারখানা থেকে জব্দ করা হয়েছে ২০০ কোটিরও বেশি রুপি।
ওই ব্যাবসায়ীর নাম পীযূষ জৈন। তিনি উত্তর প্রদেশের কান্নুজ জেলায় পারফিউমের ব্যবসা করেন।
তার বাড়িতে এত নগদ রুপি দেখে চোখ কপালে ওঠে আয়কর ও জিএসটি কর্মকর্তাদের। তাকে এই অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করলে তিনি জানান, বাড়িতে ৪০০ কেজি সোনা ছিল। পৈতৃক সম্পত্তি ছিল সেই সোনা। সেই সোনা বিক্রি করে এত টাকা পেয়েছেন তিনি।
সম্প্রতি পীযূষ জৈন ‘সমাজবাদী পারফিউম’ নামক এক সুগন্ধী এনেছিলেন বাজারে। এরপরই তাঁর বিরুদ্ধে করফাঁকির অভিযোগ ওঠে। সেই অভিযোগের প্রেক্ষিতেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছিল। আর সেই অভিযানে মাথা ঘুরিয়ে দেয়ার মতো পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করেন আয়কর কর্মকর্তারা। পীযূষ জৈনের নামে ৪০টি সংস্থা নথিভুক্ত রয়েছে। যার মধ্যে ২টি রয়েছে মধ্যপ্রাচ্যে।




