সাতছড়ি থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করলো কাউন্টার টেরোরিজম ইউনিট
হবিগঞ্জ সংবাদদাতা :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে এবার অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। সোমবার ভোররাত থেকে এ অভিযান শুরু হয়। বিকাল ৩টা পর্যন্ত অভিযান পরিচালনার পর তা সমাপ্ত করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অভিযান পরিচালিত হতে পারে বলে জানায় কাউন্টার টেরোরিজম ইউনিট। অভিযান শেষে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।
তিনি জানান, ১৫টি মর্টার শেল, ২৫টি বুস্টার ও ৫১০ রাউন্ড অটো মেশিনগানের গুলি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, রোববার রাতে ঢাকার যাত্রাবাড়ি থেকে আপেল ত্রিপুরা অমিত (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি এলাকার বাসিন্দা বিশু ত্রিপুরার ছেলে। তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাতছড়ির গহীন অরণ্যে এসব গোলাবারুদ থাকার তথ্য দেন।
তাকে নিয়ে ভোররাতে সাতছড়িতে অভিযান শুরু করে কাউন্টার টেরোরিজম ইউনিট। সাতছড়ির গহীন অরণ্যে তার দেখানো পৃথক দু’টি স্থান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান জানান, তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সে কেন, কি উদ্দেশ্যে, কোথা থেকে এসব গোলাবারুদ এনে মজুত করেছে।
স্থানীয়রা জানান, রোববার ভোররাতে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল সতর্কতার সাথে সাতছড়িতে অবস্থান নেয়। সকাল থেকে তারা গহীন অরণ্যে অভিযান শুরু করে।




