জার্মানিতে করোনা নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ, ১৩ পুলিশ আহত

Published: 27 December 2021

পোস্ট ডেস্ক :


জার্মানিতে কোভিড নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাত হয়েছে। এতে অন্তত ১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মানহাইমে এই ঘটনা ঘটে। ডয়চে ভেলের খবরে জানানো হয়, বিক্ষোভকারীরাই পুলিশের উপরে চরাও হন। এতে আহত এক পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১৩ জন বিক্ষোভকারীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিক্ষোভ আয়োজনের চেষ্টা করায় পুলিশ বাধা দেয়৷

এদিকে জার্মানির মেকলেনবুর্গ-ফোরপোমান প্রদেশের ২০টি শহরে প্রায় ১৭ হাজার মানুষ সোমবার বিক্ষোভ করেন বলে পুলিশ জানিয়েছে৷ এই সংখ্যা সপ্তাহখানেক আগের তুলনায় প্রায় দ্বিগুন৷ প্রদেশটির গুরুত্বপূর্ণ শহর রস্টকে সোমবার সন্ধ্যার বিক্ষোভে প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন৷ তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে বিভিন্ন বক্তব্য লেখা ছিল৷ বিক্ষোভকারীদের অনেকেই মাস্ক পরেননি এবং সামাজিক দূরত্ব মানেননি বলে জানিয়েছে পুলিশ৷

জার্মানিতে করোনার পঞ্চম ঢেউ ঠেকাতে নতুন বিধিনিষেধ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার বৈঠক ডেকেছে জার্মান সরকার৷ বড়দিনের পর ২৮ ডিসেম্বর থেকে এই বিধিনিষেধ চালু হচ্ছে। টিকাপ্রাপ্ত ও করোনা থেকে সেরা ওঠা ব্যক্তিদের ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে একসঙ্গে মিলিত হওয়ার সংখ্যা সর্বোচ্চ ১০ করতে চাইছে সরকার৷ ঘরের ভেতর এবং বাইরে সবখানেই এই নিয়ম প্রযোজ্য হতে পারে৷ ১৪ বছরের কমবয়সি শিশুদের এই নিয়মের আওতার বাইরে রাখার কথা ভাবা হচ্ছে৷

জার্মানিতে এখন পর্যন্ত ৭০.৩ শতাংশ মানুষ করোনার সব ডোজ টিকা নিয়েছেন৷ বুস্টার ডোজ নিয়েছেন প্রায় ৩১.৫ শতাংশ মানুষ৷ সোমবারের হিসাবে দেশটিতে এক দিনে নতুন করে ১৬ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আরও ১১৯ জন৷