বিজেপিকে হারাতে কী কৌশল নিচ্ছে তৃণমূল?
পোস্ট ডেস্ক :

তিন দিনের গোয়া সফরে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবারই তিনি ওই রাজ্যে পৌঁছান। খবর আনন্দবাজার পত্রিকার।
সামনেই সেখানে বিধানসভা নির্বাচন। তার আগে রণকৌশল ঠিক করতে তার এই সফর বলে মনে করা হচ্ছে।
বুধবার বেশ কয়েকটি কর্মসূচি এবং বৈঠকের কথা রয়েছে অভিষেকের। সকাল ১১টা নাগাদ তিনি যান সাঙ্কেলিমের রুদ্রেশ্বর মন্দিরে। তার পর বিকেল ৫টা নাগাদ কানকোনার একটি মঠ পরিদর্শনের কথা রয়েছে তার।
গোয়ায় এখনও ভোটের দিন ক্ষণ ঘোষণা হয়নি। কিন্তু লড়াইয়ের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। আসন্ন নির্বাচনে কীভাবে, কোন পথে দল এগোবে তা খতিয়ে দেখতেই অভিষেকের এই সফর বলে মনে করা হচ্ছে।
মন্দির এবং মঠ পরিদর্শনের পাশাপাশি কয়েকটি দলীয় বৈঠকও করতে পারেন অভিষেক।
এ বার গোয়াকে পাখির চোখ করে এগোতে চাইছে তৃণমূল। তাই দলের শীর্ষ নেতৃত্বের অনেকেই সেখানে ঘাঁটি গেড়েছেন। চলতি মাসেই গোয়া সফরে গিয়েছিলেন মমতা। পানজিমে এক জনসভা থেকে বিজেপিকে হঠানোর আওয়াজ তোলেন তিনি।
গোয়ায় আসল বিকল্প তৃণমূল, একমাত্র তৃণমূলই পারে বিজেপিকে হারাতে। এই বার্তাও দিয়েছিলেন তৃণমূলনেত্রী।
এর আগে গোয়া সফর থেকে ফিরে অভিষেক বলেছিলেন, গোয়ায় ক্ষমতায় আসবে তৃণমূল। নয়তো প্রধান বিরোধী শক্তি হবে। এর মাঝামাঝি কিছু হবে না।
তাই ভোটের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই সফর অনেক বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।




