জর্ডানে সংসদে এমপিদের কিল-ঘুষি!

Published: 29 December 2021

পোস্ট ডেস্ক :


সংসদ অধিবেশন চলছে। লাইভ সম্প্রচারও হচ্ছে রাষ্ট্রীয় মিডিয়াতে। কিন্তু হঠাৎ দেখা গেল সংসদ সদস্যরা একে অপরকে অনবরত কিল-ঘুষি মারছেন। হতবাক দর্শক। অবাক সংসদে উপস্থিত কিছু সাংসদও। যারা বলছেন, সংসদের এই পরিবেশ দেশের সুনাম, ভাবমূর্তি নষ্ট করবে। আর এমনই ঘটনা ঘটেছে মঙ্গলবার জর্ডানের সংসদে। এটা শুধু বাক-বিতণ্ডায় নয় পৌঁছে যায় গায়ে হাত তোলাতেও।

সংসদের স্পিকার এক সাংসদকে পার্লামেন্ট কক্ষ ত্যাগ করতে বলার পর সদস্যরা মারামারিতে লিপ্ত হন বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

এর বাইরেও আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম থেকে জানা যায়, সংসদ অধিবেশনে সংবিধানের প্রস্তাবিত সংশোধনী নিয়ে বিতর্কের সময় এক সাংসদ বিতর্কিত মন্তব্য করে বসেন। তার ওই মন্তব্য ঘিরে বাকিদের মধ্যে তীব্র বাক-বিতণ্ডা শুরু হয়।

পরে স্পিকার ওই সাংসদকে কক্ষ ত্যাগ করতে বলেন। স্পিকারের এই আহ্বানের পর বেশ কয়েকজন সাংসদ একে অপরকে কিল-ঘুষি মারতে শুরু করেন। এ সময় ঘুষি খেয়ে একজন সাংসদ মেঝেতে পড়ে যান। এই মারামারি কয়েক মিনিট ধরে চলে। পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে চিৎকার চেচামেচিতে। যদিও এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে। তবে মুহূর্তেই ঘটনাটি ভাইরাল হয়ে যায়। ফলাও করে প্রচার পায় গণমাধ্যমে।