ভারতে রোনালদোর ৪১০ কেজির মূর্তি নিয়ে বিতর্ক
পোস্ট ডেস্ক :

সম্প্রতি ভারতের গোয়া রাজ্যের পানাজিতে স্থাপন করা হয়েছে কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর একটি মূর্তি। বিশ্বের অন্যতম সেরা পর্তুগীজ তারকা ফুটবলারের মূর্তিটি স্থাপন করা হয়েছে গোয়া সরকারের তরফ থেকে। মূর্তিটি স্থাপনের মূল উদ্দেশ্য সম্পর্কে গোয়ার মন্ত্রী মাইকেল লোবো বলেন, ‘আমরা যুবকদের অনুপ্রাণিত করতে এবং রাজ্যে ও দেশে ফুটবলকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য এই মূর্তিটি তৈরি করেছি। আমরা চাই আমাদের বাচ্চারা এই মহান ফুটবলারের মতো হোক। যিনি একজন বিশ্ব কিংবদন্তি।’
তবে, হিন্দুস্তান টাইমস জানায়- রোনালদোর নতুন মূর্তি উন্মোচিত হওয়ার পরই তা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। যে দেশ একসময় গোয়ায় উপনিবেশ স্থাপন করেছিল, সেই দেশের ফুটবলারকে সম্মান জানিয়ে কেন মূর্তি বসানো হল, এমন অভিযোগ তুলছেন স্থানীয়রা। গোয়ার রাজধানী শহর পানাজিতে মূর্তি উন্মোচিত হওয়ার পরই স্থানীয়রা কালো পতাকা নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি খুব পরিষ্কার, শুধু পর্তুগালের ফুটবলারকে মহিমান্বিত করার মাধ্যমে ঔপনিবেশিকতাবাদকে মান্যতা দেওয়া হচ্ছে।
কেননা, ৬০ বছর আগেও পর্তুগিজদের কলোনি ছিল গোয়া।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে- গোয়ার মন্ত্রী বিক্ষোভের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, যারা এই প্রতিবাদে সামিল হয়েছেন, তারা আসলে ফুটবল-বিরোধী। আমরা যখনই ফুটবল নিয়ে আলোচনা করি, তখনই রোনালদোর নাম উঠে আসে। সেই কারণেই এখানে রোনালদোর মূর্তি বসানো হয়েছে। যাতে অল্প বয়স থেকে ছেলে-মেয়েরা ফুটবল খেলার জন্য অনুপ্রাণিত হতে পারে। এতে ফুটবলের প্রতি প্যাশন এবং ভালবাসা আরও বাড়বে।
উল্লেখ্য, রোনালদোর মূর্তিটির ওজন প্রায় ৪১০ কেজি। এটি তৈরিতে প্রায় ১২ লক্ষ টাকা খরচ হয়েছে এবং প্রায় তিন বছর সময় লেগেছে।




