পাকিস্তানে ইমরানের সাবেক স্ত্রীর গাড়িতে গুলি

Published: 3 January 2022

পোস্ট ডেস্ক :


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খানের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। তার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় গত রোববার রাতে এই হামলা হয়। তবে ভাগ্যক্রমে গুলির ঘটনার কিছুক্ষণ আগেই গাড়ি পরিবর্তন করেছিলেন রেহাম খান। প্রাণে বেঁচে গেলেও এ ঘটনা নিয়ে সরকারের সমালোচনা করতে ছাড়েননি তিনি। একাধিক টুইট করে দেশের নিরাপত্তার অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন এই অধিকারকর্মী। তিনি ইমরান খানের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, এটাই কি তাহলে তার ‘নতুন পাকিস্তান’?
সোমবার টুইটে রেহাম লেখেন, আমার ভাগ্নের বিয়ে থেকে রাতে বাড়ি ফিরছিলাম। এমন সময় বাইকে করে আসা দুই ব্যক্তি আমার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। তারা গাড়ি থামানোর চেষ্টা করে।

এই সময় আমার নিরাপত্তারক্ষী ও চালকও গাড়িতে উপস্থিত ছিলেন। এটাই কি ইমরান খানের নয়া পাকিস্তান? ডাকাত, কাপুরুষ ও লোভী মানুষের দেশে স্বাগতম। অপর একটি টুইটে তিনি লেখেন, আমি একজন সাধারণ পাকিস্তানির মতো পাকিস্তানে বাঁচতে এবং মরতে চাই। আমার উপর কাপুরুষোচিত হামলা হোক বা রাস্তার মাঝখানে নিরাপত্তাবাহিনীর কাউকে উড়িয়ে দেয়া হোক তারপরেও আমি এখানেই থাকবো। তবে এই হামলার দায় এই কথিত সরকারকেই নিতে হবে। আমি আমার দেশের জন্য গুলি খেতে প্রস্তুত। আমি মৃত্যু বা আঘাতকে ভয় পাই না, তবে যারা আমার জন্য কাজ করে তাদের জন্য আমি উদ্বিগ্ন।
উল্লেখ্য, সাংবাদিক রেহাম খান ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর দ্বিতীয় স্ত্রী। বিয়ের এক বছরের মধ্যেই দুজনের ডিভোর্স হয়ে যায়। রেহাম খান ইমরান খানের সমালোচনা করে এসেছেন ধারাবাহিক ভাবে। কয়েক মাস আগে পাকিস্তানে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনায় মহিলাদের পোশাক নিয়ে ইমরান খানের বিতর্কিত মন্তব্যের সমালোচনা করেছিলেন রেহাম খান।