নাদালের ‘২১’
পোস্ট ডেস্ক :

প্রথম দুই সেট হারার পর শ্বাসরূদ্ধকর লড়াইয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল জমিয়ে তোলেন রাফায়েল নাদাল। প্রায় সাড়ে ৫ ঘণ্টার লড়াইয়ে পরের টানা তিন সেট জিতে টেনিসের ইতিহাসে অনন্য নজির স্থাপন করে ফেলেন এই স্প্যানিশ তারকা।
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রাশিয়ান তারকা ড্যানিল মেদভেদেভকে ২-৬, ৬(৫)-৭(৭), ৬-৪, ৬-৪ এবং ৭-৫ সেটে হারিয়ে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন রাফায়েল নাদাল।
টেনিসের ইতিহাসে সর্বাধিক ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম জয় করে শীর্ষে বসেছিলেন তিনজন। সুইস তারকা রজার ফেদেরার, স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল এবং সার্ব তারকা নোভাক জকোভিচ। এবার ফেদেরার-জকোভিচ এই দুজনকে পেছনে ফেলে প্রথম টেনিস তারকা হিসেবে ২১টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়লেন নাদাল।
রেকর্ড শিরোপা জেতার পর নাদাল অবশ্য রেকর্ড নয় কথা বলেন প্রতিপক্ষকে নিয়ে। ধন্যবাদ জানান প্রতিপক্ষ দানিল মেদভেদেভকে।
নাদাল বলেন, ‘দানিল এখন যেখানে আছে আমি সেখানে ছিলাম। সে অসাধারণ এক চ্যাম্পিয়ন। আমি নিশ্চিত সে এ ট্রফিটা অবশ্যই জিতবে। আমার ক্যারিয়ারের অন্যতম আবেগময় ম্যাচ ছিল।
আপনার সঙ্গে একই কোর্টে খেলাটা সম্মানের বিষয়। আপনাকে শুভেচ্ছা।’




