আইএসের নারী নেত্রী মার্কিন নাগরিক গ্রেফতার

Published: 30 January 2022

পোস্ট ডেস্ক :


সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নারী ব্যাটালিয়নকে নেতৃত্ব দেওয়ার সন্দেহে এক মার্কিন নারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই তথ্য জানায়।

অভিযুক্ত নারীর নাম অ্যালিসন ফ্লুক-একরেন। তার বিরুদ্ধে একটি বিদেশি জঙ্গিগোষ্ঠীকে সমর্থনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের একটি কলেজের ক্যাম্পাস ও একটি শপিং মলে হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়, ৪২ বছর বয়সী এই নারী এক সময় যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন। তিনি কমপক্ষে পাঁচটি ছদ্মনাম ব্যবহার করেছেন।

২০১৯ সালে প্রথম ভার্জিনিয়ার একটি ফেডারেল আদালতে অ্যালিসনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়। সিরিয়া থেকে আটকের পর গত শুক্রবার তাকে এফবিআইয়ের হেফাজতে পাঠানো হয়।

আগামীকাল সোমবার অ্যালিসনকে ইস্টার্ন ভার্জিনিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করার কথা রয়েছে।

আদালতের বিবৃতি অনুযায়ী, জঙ্গিবাদে যুক্ত হতে বেশ কয়েক বছর আগে সিরিয়ায় পাড়ি জমান অ্যালিসন। ২০১৪ সাল থেকে তিনি আইএসের হয়ে বেশ কিছু জঙ্গি তৎপরতায় অংশ নেন। ২০১৬ সালে সিরিয়ার রাক্কায় আইএসের নারী ব্যাটেলিয়ন ‘খাতিবা নুসাইবাহ গঠিত হয়। অ্যালিসন ফ্লুক এই নারী ব্যাটেলিয়ন এবং শিশুদেরকে একে-৪৭ চালানোর প্রশিক্ষণ দেন।

এছাড়া যুক্তরাষ্ট্রের একটি কলেজের ক্যাম্পাসে হামলার পরিকল্পনা করেছিলেন অ্যালিসন। এ জন্য হামলাকারী নিয়োগ দেওয়ার কাজ করেছিলেন তিনি। তবে এ ব্যাপারে এফবিআইয়ের হলফনামায় বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত জঙ্গিবাদী তৎপরতায় অ্যালিসন যুক্ত ছিলেন বলে অন্তত ছয় ব্যক্তি বলেছেন। তারা আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের একটি শপিং মলের বেজমেন্ট গ্যারেজে বিস্ফোরকবাহী গাড়ি রেখে হামলা চালানোর ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন তিনি। অভিযোগ প্রমাণিত হলে তার ২০ বছরের কারাদণ্ড হতে পারে।