মেক্সিকোতে এক মাসে ৪ গণমাধ্যমকর্মীকে হত্যা

Published: 1 February 2022

পোস্ট ডেস্ক :


মেক্সিকোতে এক মাসেরও কম সময়ে হত্যা করা হয়েছে চার গণমাধ্যমকর্মীকে। এর সর্বশেষ শিকার দেশটির ‘মনিটর মিচোয়াকান’ নামের একটি গণমাধ্যমের কর্মী রবার্তো টোলেডো। মেক্সিকোতে গণমাধ্যমকর্মীদের টার্গেট করে চালানো একের পর এক হামলার প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ চলছে। পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষায় আরও ব্যবস্থা নিতে সরকারের উপরে চাপ দিয়ে যাচ্ছে দেশি, বিদেশি সংস্থাগুলো। এরইমধ্যে নতুন করে আরেক গণমাধ্যমকর্মী হত্যার শিকার হলেন। এ খবর দিয়েছে আল-জাজিরা।

মনিটর মিচোয়াকানের পরিচালক আর্মান্দো লিনারেস বলেন, কর্তৃপক্ষের দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্থ সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের কার্যকলাপ প্রকাশ্যে নিয়ে আসার কারণেই রবার্তোকে হত্যা করা হয়েছে। দেশটির মিচোয়াকান প্রদেশের অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েই মৃত্যু হয়েছে রবার্তোর। এ নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।