ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখতে পারবে ৫০ হাজার দর্শক

Published: 1 February 2022

পোস্ট ডেস্ক :


টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ফরম্যাটের মোট ৬টি ম্যাচ হওয়ার কথা ছিল ভারতের ভিন্ন ৬ শহরে। তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দৌরাত্ম্যে ভেন্যুর সংখ্যা কমিয়ে আনা হয়েছে দুটিতে। করোনার প্রকোপ এড়াতে ম্যাচ ভেন্যু কমালেও স্টেডিয়ামে ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। অর্থাৎ, ৫০ হাজার সমর্থক মাঠে বসে দেখতে পারবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ মহারণ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পশ্চিমবঙ্গ ক্রিকেট গভর্নিং বডির (সিএবি) সভাপতি অভিষেক ডালমিয়া।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজ তিনটি ওয়ানডে খেলবে আহমেদাবাদে। আর টি-টোয়েন্টি সিরিজ হবে ইডেনে। পশ্চিমবঙ্গ সরকার সকল প্রকার ইনডোর ও আউটডোর খেলায় ৭৫ শতাংশ দর্শক রাখার অনুমতি দিয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানিয়ে সিএবি প্রধান ডালমিয়া বলেন, ‘খেলাধুলায় আবারো দর্শক প্রবেশের অনুমতি দেয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই।
আমরা আশাবাদী নতুন করে দর্শকদের আনন্দ দিতে পারব। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টিতে আমরা দর্শকদের খেলা দেখার ব্যবস্থা করেছিলাম। এবারও আশাবাদী সফলতার সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ শেষ করতে পারব।’ গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের একটি টি-টোয়েন্টি হয়েছিল ইডেনে। সেই ম্যাচে ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি ছিল।
আগামী ১৬, ১৮ ও ২০শে ফেব্রুয়ারি ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এর আগে ৬, ৯ ও ১১ই ফেব্রুয়ারি আহমেদাবাদে হবে তিনটি ওয়ানডে।