মমতার মাস্টারস্ট্রোক- সাপও মরলো, লাঠিও ভাঙলো না
পোস্ট ডেস্ক :

বিজেপি বলছে, এটি পিসি-ভাইপোর গটআপ খেলা। দলের বোঝা হালকা করতে প্রশান্ত কিশোরের টোটকা। অতটা না হলেও মমতা বন্দোপাধ্যায় সাপ মেরে, লাঠি না ভেঙে দলের ভারসাম্য রাখতে যে সক্ষম হলেন শনিবার কালীঘাটের বৈঠকের পর তা বলে দেয়ার অপেক্ষা রাখে না। পাশাপাশি তিনি এটিও বুঝিয়ে দিলেন যে, দলের চালিকা শক্তি তিনিই, তৃণমূল কংগ্রেসে সব পদের অবলুপ্তি ঘটিয়ে শুধু চেয়ারপারসন পদে মমতার থেকে যাওয়ার মাধ্যমে এই বার্তা দেয়া হলো যে, তিনিই দলনেত্রী। তিনি যা ঠিক করবেন তাই হবে। বৈঠকে মমতা সাফ বলে দেন, সোশ্যাল মিডিয়ায় যার যা খুশি বলার দিন শেষ। দলে থাকতে গেলে দলের অনুশাসন মানতে হবে। একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে।
নতুন জাতীয় কর্মসমিতি মমতা যা ঘোষণা করেছেন তার থেকে দু’জন বাদ পড়েছেন। অভিষেক বন্দোপাধ্যায়ের বিরোধিতা করা কল্যাণ বন্দোপাধ্যায় ও তার পাশে দাঁড়ানো সৌগত রায়। এই ব্যাপারে মমতা ভারসাম্য দেখালেও তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন কিংবা সাংসদ মহুয়া মৈত্র’র বাদ পড়ার ঘটনা বিস্ময়কর। তেমনই জাতীয় কর্মসমিতিতে জায়গা পেয়েছেন অভিষেক ঘনিষ্ঠ অনুব্রত মন্ডল। তিনি আবার মমতার একনিষ্ঠ সেবক। জাতীয় কর্মসমিতিতে অভিষেক ঘনিষ্ঠ নেতাদের জায়গা বেশি হয়েছে, যদিও অভিষেক এই মুহূর্তে আর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নেই। সুব্রত বক্সিও নেই সহ-সভাপতির পদে কিংবা যশবন্ত সিনহাও আর কোনো পদাধিকারী নন। মমতা পরবর্তী পর্বে কোন পদে কাকে রাখেন তা দেখার অপেক্ষায় থাকতে হবে। অভিষেক বন্দোপাধ্যায় যদি ওয়ার্কিং প্রেসিডেন্টের পদে আসেন তবে বিরোধীদের পিসি – ভাইপো দাবি হলে পানি পাবে। গত ক’দিনে তৃণমূলে ‘এক ব্যক্তি এক পদ’ নিয়ে যে দাবি উঠেছিল মমতা তাতেও জল ঢেলেছেন আপাতত। কালীঘাটের বৈঠকের আগে সুব্রত বক্সির ভবানীপুরের অফিসে সুব্রত, পার্থ, অরূপ, চন্দ্রিমার একটি বিশেষ বৈঠকে স্থির হয় মমতা যা করবেন সেটাই মেনে নিতে হবে সকলকে। কালীঘাটের বৈঠকের পর প্রথমে মমতা – সুব্রত ও অভিষেক আলাদা একটি বৈঠক করেন। পরে সুব্রত – অভিষেক নিজেদের মধ্যে আলোচনা করেন। জানা যাচ্ছে, মমতা চাইছেন কেন্দ্র এবং রাজ্যস্তরে দলীয় মুখপাত্র’র তালিকা বদল করতে। জাতীয় নির্বাচন কমিশনকে তৃণমূলের এখন একাই মমতা চেয়ারপারসন জানিয়ে দেয়া হয়েছে। ভবিষ্যতে জানানো হবে অন্য পদাধিকারীদের নাম। এখানেই আসল খেলা হবে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। তবে খেলা যে হচ্ছেই এবং খেলা যে হবেই তাতে কোনো সন্দেহ নেই।




