ব্রাজিলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নিহত অন্তত ১৮
পোস্ট ডেস্ক :

ব্রাজিলের রিও ডি জেনিরোর প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে এই দুর্যোগ সৃষ্টি হয়। বৃষ্টির কারণে বন্যার সঙ্গে দেখা গেছে ভূমিধসও। প্রদেশটির কর্মকর্তারা বলছেন, এখনো উদ্ধার কার্যক্রম চলছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আল-জাজিরার খবরে জানানো হয়েছে, উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করতে সেখানে ১৮০ সেনা মোতায়েন করা হয়েছে। গত মঙ্গলবার মাত্র তিন ঘণ্টায় ২৫.৮ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে সেখানে যা এর আগের ৩০ দিনের মোট পরিমাণের সমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, ভূমিধসের কারণে অনেক গাড়ি ও বেশ কয়েকটি বাড়ি ভেসে যাচ্ছে।
এই দুর্যোগের সময় রাশিয়া সফরে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারো। সেখান থেকেই টুইটারে তিনি জানান যে, দুর্যোগে আক্রান্তদের সহায়তা দিতে স্থানীয় সরকারকে নির্দেশনা দিয়েছেন তিনি। এ ছাড়া তিনি দুর্যোগে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।




