গরু পাচারকাণ্ডে অভিনেতা দেবকে জেরা সিবিআইয়ের

Published: 17 February 2022

পোস্ট ডেস্ক :


গরু পাচারকাণ্ডের কুখ্যাত নায়ক এনামুল হকের সঙ্গে নিবিড় যোগাযোগ থাকার অভিযোগে দীপক অধিকারী বা ঘাটালের তৃণমূল সাংসদ, অভিনেতা দেবকে পাঁচ ঘণ্টা জেরা করলো সিবিআই। সিবিআই সদর দপ্তর নিজাম প্যালেসে এই জেরার পর দেব জানান, সিবিআই তাকে টানা জেরা করে গরু পাচারকাণ্ডের কিং পিন এনামুল হক তাকে দামী উপহার দিয়েছেন কিনা তা জানার জন্য। কিসের বিনিময়ে এই তৌফা তাও জানতে চায় সিবিআই। দেব জানিয়েছেন যে, এনামুল হককে তিনি তা জানেন না। তাই তার কাছ থেকে উপহার নেয়ার কোনও প্রশ্ন ওঠে না। দেব বলেন, অভিজ্ঞতা বেশ কঠিন। ভবিষ্যতে তাকে যেন আর এই সিবিআই দপ্তরে আসতে না হয়।

দেবকে কোভিডকালে সেফ হোম বানানো এবং আর্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য লোকসভা স্পিকার ওম বিড়লা প্রশংসাপত্র দেয়ার পরদিনই সিবিআই তাকে ডেকে পাঠানোয় বিস্ময়ের সৃষ্টি হয়।
দেব অবশ্য বলেছেন, ঘাটালের সাংসদ হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে কর্তব্যবোধ থেকে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন।

সিবিআই জেরা প্রসঙ্গে কলকাতার মেয়র ববি হাকিম বলেছেন, তৃণমূল নেতাদের পিছনে সিবিআই লেলিয়ে দেয়াটা বিজেপি সরকারের এজেন্ডা।