আইপিএলে ১৫.২৫ কোটি দামের ক্রিকেটারকে দ্রাবিড় বললেন ‘জাতীয় দলে মনোযোগ দাও’
পোস্ট ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন মাঠের লড়াইয়ে ব্যস্ত ভারত, তখন দারুণ এক খবর পান ইশান কিষাণ। ভারতীয় দলের এ উইকেটরক্ষক ব্যাটারকে ১৫.২৫ কোটি রুপিতে কিনেছে আইপিএল ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানস।
আইপিএলের ইতিহাসে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন কিষাণ। টাকার পাহাড় পেতে যাওয়ার সুখবরে এতটাই উচ্ছ্বসিত হন কিষাণ যে, জাতীয় দলের খেলায় অনেকটাই অমনোযোগী হয়ে পড়েন।
তার মনোযোগ ফেরাতে দলের কোচ রাহুল দ্রাবিড় সচেষ্ট হন।
সে কথা জানালেন ইশান কিষাণ নিজেই।
ভারতীয় এই ওপেনার বলেন, ‘নিলাম শেষে রাহুল স্যারের সঙ্গে অনেক কথাবার্তা হয়। তিনি আমাকে বলেন, ‘আইপিএল ভাবনা ছেড়ে এখন জাতীয় দলের খেলায় মনোযোগ দাও। ’
ইশানকে বোঝান দ্রাবিড়, অবশ্যই আইপিএল যে কোনো ক্রিকেটারের জন্য একটি বড় প্ল্যাটফর্ম এবং খেলোয়াড়রা যখন একটি ভালো দলে যায়, তখন তারা আনন্দিত হয়। তবে আপাতত মনোযোগ দিতে হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই। অন্য কিছু ভাবার অবকাশ নেই।
দ্রাবিড় যে ইশানকে সে নির্দেশ দিয়েছেন, তা বোঝা যায় ভারত দলের অধিনায়কের বক্তব্যেই।
রোহিত শর্মা জানিয়েছেন, আইপিএল নিলাম শেষ হওয়ার আগে ভারতীয় ক্রিকেটারদের মনোযোগ ফেরাতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দিকে।
নিলাম পরবর্তী সময়ে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে রোহিত শর্মা বলেছিলেন, ‘নিলাম চলার সময় খেলোয়াড়রা স্বাভাবিকভাবেই খুব উত্তেজিত ছিল, তবে এখন এটি শেষ এবং খেলোয়াড়দের এই সিরিজে মনোযোগ দেওয়া উচিত।’
বৃহস্পতিবার কলকাতায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করেন কিষাণ। রোহিত ৪০ রানে আউট হন। কিষাণ খেলেন ৪২ বলে ৩৫ রানের ইনিংস। ক্যারিবীয়দের ৭ উইকেটে ১৫৭ রানের জবাবে ৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ম্যাচটি ৬ উইকেটে জিতে নেয় টিম ইন্ডিয়া।




