ব্রাজিলের সমর্থকেরা দূরে সরে গেছে : নেইমার
পোস্ট ডেস্ক :

ব্রাজিল জাতীয় দলের প্রতি সমর্থকদের আগের মত আর আস্থা বা ভালোবাসা নেই বলে মনে করছেন নেইমার। সমর্থকদের প্রতি তিনি প্রশ্ন তুলে জানতে চেয়েছেন, ব্রাজিল জাতীয় দল কি তাদের কাছে আর গুরুত্বপূর্ণ নয়? ফেনোমেনোস পডকাস্টে ব্রাজিলের কিংবদন্তি ফরোয়ার্ড রোনালদো ফেনোমেননের সঙ্গে আলাপচারিতায় নেইমার জাতীয় দল নিয়ে কথা বলেছেন।
ব্রাজিলের সমর্থকদের নিয়ে কথা বলতে গিয়ে হতাশা প্রকাশ করেছেন এই তারকা ফুটবলার। তিনি বলেন, ‘ব্রাজিল জাতীয় দল থেকে ভক্তরা নিজেদের দূরে সরিয়ে নিয়েছে।
জানি না কেন, তবে ম্যাচগুলোর মাধ্যমে আমি এটি দেখতে পাচ্ছি। আমরা কখন খেলতে যাচ্ছি সেটা নিয়ে খুব কম মানুষই আলোচনা করছে। এটা খারাপ, এটা দুঃখজনক। আমাদের এই প্রজন্মে জাতীয় দল কবে কোথায় খেলছে, সেটা আর গুরুত্বপূর্ণ নয়। ‘
লাতিন আমেরিকা অঞ্চল থেকে ইতিমধ্যে কাতার বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। ২০০২ সালের পর তারা আর বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি। নেইমারের প্রত্যাশা সমর্থকরা আবারো জাতীয় দলের প্রতি আস্থা রাখবে, ‘আজ আর সেই গুরুত্ব নেই, জানি না কীভাবে আমরা এই পর্যায়ে এলাম। আমি আশা করি সবকিছু ফিরে আসবে, ভক্তরা আবারও ব্রাজিল দলকে সমর্থন করবে। আমরা একসাথে বিশ্বকাপ জয়ের জন্য যাব, যা সবাই চায়। ‘




