কমপক্ষে ৩৫০০ রাশিয়ান সেনা হত্যার দাবি ইউক্রেনের
পোস্ট ডেস্ক :

ইউক্রেনের দাবি এখন পর্যন্ত যুদ্ধে হাজারো রাশিয়ান নিহত হয়েছেন। তাদের সংখ্যা কমপক্ষে ৩৫০০। তবে এ বিষয়ে মস্কো কোনো মন্তব্য করেনি। এসব মৃতদেহ সরিয়ে নিয়ে এবং রাশিয়ার কাছে ফেরত পাঠানোর জন্য রেডক্রসের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। টেলিভিশনে ব্রিফিংকালে দেশটির উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশ্চুক বলেছেন, হাজারো মৃতদেহ দখলদারদের। এখন বিষয়টি মানবিক প্রয়োজনে এসে দাঁড়িয়েছে। আমরা চাই দখলদার রাশিয়ানদের এসব মৃতদেহ সরিয়ে নেয়া হোক এবং রাশিয়ান ফেডারেশনে ফেরত পাঠানো হোক। এ জন্য তিনি সরাসরি রেডক্রসের প্রতি আহ্বান জানান।
বলেন, এই মানবিক সমস্যা কিভাবে সমাধান করা যায় তা তারা যেন দেখেন। এর আগে ইউক্রেনের সেনাবাহিনী ফেসবুকে দাবি করেছে যে, তারা এ পর্যন্ত রাশিয়ার কমপক্ষে ৩৫০০ সেনাকে হত্যা করেছে। শুক্রবার আইটিভি নিউজ রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডকুমেন্ট নিয়ে রিপোর্ট প্রকাশ করে। তাতে দেখা যায়, যুদ্ধে গণহারে যে হতাহতের ঘটনা ঘটবে সে জন্য মস্কো কতটুকু প্রস্তুত।




