বাহুবলে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০
বাহুবল সংবাদদাতা :

হবিগঞ্জের বাহুবল উপজেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় দুইজনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ পশ্চিম জয়পুর গ্রামের খোরশেদ আলীর পুত্র ও বর্তমান বাহুবল উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. দুলাল মিয়ার সাথে একই গ্রামের কালাম মিয়া ও সফর আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। আজ (রবিবার) দুপুর সাড়ে ১২টার দিকে বাহুবল উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া নিজ নির্মাণাধীন ঘরের ছাদ ঢালাই কাজ শুরু করেন। এসময় কালাম মিয়া ও সফর আলীর নেতৃত্বে ১০-১২জনের একদল লোক এসে তার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে দু-পক্ষের মাঝে তুমুল সংঘর্ষ বাঁধে।
খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই শাহানুরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে প্রতিপক্ষের ইটপাটকেলে এসআই শাহানুর (৪৫), সুজন (২৪), সালেমা (৩৬), সালমান (২০) ও পলিশসহ উভয়পক্ষের অন্তত ১০ জন লোক আহত হন। আহতদের মধ্যে সুজন মিয়াসহ ২জনকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এসআই শাহানুরসহ অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বাহুবল উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. দুলাল মিয়া জানান, পূর্ব বিরোধের জের ধরে নিজ বিল্ডিংয়ের ছাদ ঢালাই কাজে বাধা প্রদান এবং হামলা ও ভাংচুরের ঘটনা সৃষ্টি করে দাঙ্গাবাজ এ চক্রটি। ঘটনার সময় তাঁর নিকট থাকা ১০লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান ।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম রাকিব বলেন, দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




