রেফারির বিরুদ্ধে কথা বলায় শাস্তি পেলেন ক্রুসিয়ানি

Published: 28 February 2022

পোস্ট ডেস্ক :


গত ২৪ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জে মুখোমুখি হয়েছিল সাইফ স্পোর্টিং ও চট্টগ্রাম আবাহনী। সে ম্যাচে রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে প্রতিবাদ জানাতে মাঠেই ঢুকে পড়েন সাইফের আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি। এক পর্যায়ে মেজাজ হারিয়ে টাচ লাইনের পাশেই থাকা ম্যাচ কমিশনারের টেবিলে ক্রুসিয়ানিকে সজোরে চাপড় দিতেও দেখা যায়। এর দুই দিন পর এক সাক্ষাৎকারে রেফারিং নিয়ে সমালোচনা করেন এই আর্জেন্টাইন।

এতেই গুনতে হচ্ছে জরিমানা। বাফুফে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, প্রিমিয়ার লিগ পরিচালনাকারী রেফারি সম্পর্কে ক্রুসিয়ানি ‘বিরূপ মন্তব্য’ করেছেন এবং তা বাফুফের আচরণবিধি পরিপন্থী। এ কারণে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে এই অর্থ বাফুফের অ্যাকাউন্টে জমা দিতে বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করেছে বাফুফে।

চলতি লিগে এর আগে দেশি রেফারিদের প্রতি আস্থা হারানোয় সংবাদ সম্মেলন করে বিদেশি রেফারি আনার আবেদন করেছিল ক্লাবটি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে কিছু সিদ্ধান্ত যাওয়ার কথা বলেছেন।