ইউক্রেনীয় টেনিস সুন্দরীর হুংকার

Published: 3 March 2022

পোস্ট ডেস্ক :


ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন গড়িয়েছে অষ্টম দিনে। ভ্লাদিমির পুতিনের সৈন্যদল দ্রুত গতিতে গ্রাস করে ফেলছে ভলোদিমির জেলেনস্কির দেশকে। জাতিসংঘের বরাত দিয়ে বিবিসির খবর, রুশ হামলায় এরইমধ্যে ১০ লাখ মানুষ ইউক্রেন ত্যাগ করেছে। কেউ এখনো আছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। রাত্রি যাপন করছেন বাড়ির বেইজমেন্টে। কেউবা সরকারের নির্দেশে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছেন যুদ্ধে।

এলিনা সভিতোলিনাও নেমেছেন যুদ্ধে , তবে অস্ত্র হাতে রণক্ষেত্রে নয়; টেনিস কোর্টে, র‌্যাকেট হাতে। লড়েছেন রাশিয়ার বিপক্ষেই।

মন্তেরেই ওপেনের প্রথম রাউন্ডে রুশ প্লেয়ার আনাস্তাসিয়া পোতাপোভাকে পাত্তাই দেননি এই ইউক্রেনিয়ান টেনিস সুন্দরী। পোতাপোভাকে সরাসরি সেটে হারিয়ে (৬-২. ৬-১ গেমে) সভিতোলিনার হুংকার, দেশের জন্য মিশনে রয়েছেন তিনি।

মঙ্গলবার দেশের পতাকার রঙের পোশাক (হলুদ গেঞ্জি ও নীল স্কার্ট) পড়ে কোর্টে নেমেছিলেন সভিতোলিনা। প্রথম রাউন্ড জিতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১৫ নম্বর এই খেলোয়াড় জানান, এই টুর্নামেন্ট থেকে প্রাপ্ত অর্থ ইউক্রেনের সেনাবাহিনীকে দিয়ে দেবেন তিনি।
ম্যাচ জিতে ২৭ বছর বয়সী সভিতোলিনা বলেন, ‘দেশের জন্য মিশনে নেমেছি আমি। খুব মন খারাপ। কিন্তু এখানে টেনিস খেলতে পেরে ভালো লাগছে।’

সভিতোলিনা বলেন, ‘ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য আমাদের টেনিস সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে চাই। দেশকে সাহায্য করতে চাই। ইউক্রেনের সবাই ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমি এ কারণেই এখানে এসেছি। এ কারণেই আমি দেশের হয়ে খেলছি। আমার মঞ্চ কাজে লাগিয়ে যত বেশি সম্ভব মানুষকে ইউক্রেনকে সমর্থন করতে উদ্বুদ্ধ করার সর্বোচ্চ চেষ্টা করছি আমি। আমি ইউক্রেনের সেনাবাহিনী ও সাধারণ মানুষকে সাহায্য করার জন্য খেলছি। এখানে আমি যে কয়টি জয় পাব তার প্রতিটিই খুব বিশেষ কিছু হতে চলেছে।’

শুরুতে অবশ্য রাশিয়ান পোতাপোভার বিপক্ষে খেলতে রাজি হননি সভিতোলিনা। পরে ডব্লিউটিএ ও এটিপি রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের তাদের দেশের নাম নিষিদ্ধ করে নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে খেলতে বলায় সিদ্ধান্ত পাল্টান তিনি। ইউক্রেন আক্রমণকে সমর্থন দেয়ায় রাশিয়ার সঙ্গে বেলারুশের টেনিস ফেডারেশনকে আন্তর্জাতিক দলীয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন।

মেক্সিকোতে দ্বিতীয় রাউন্ডে বুলগেরিয়ার কোয়ালিফায়ার ভিক্টোরিয়া তোমোভার মুখোমুখি হবেন ২০১৯ সালে উইম্বলডন ও ইউএস ওপেনের সেমিফাইনালিস্ট এলিনা সভিতোলিনা।