ব্যাটে-বলে মিললে সাকিবের নায়িকা হবেন পরীমনি
পোস্ট ডেস্ক :

ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জী কিছুদিন আগে বলেছিলেন, সাকিব আল হাসানকে নিয়ে একটা বায়োপিক বানাবেন। এবার অভিনেত্রী পরীমনি বললেন, কেউ এমন উদ্যোগ নিলে আর সুযোগ মিললে সাকিবের নায়িকা হতে এক পায়ে খাড়া তিনি।
বতমান সময়ে দেশের সবচেয়ে আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি। সবশেষ তার জেলে যাওয়া নিয়ে উত্তপ্ত হয়ে উঠে মিডিয়া-পাড়া। তবে সবকিছু পেছনে ফেলে আবারও মুক্ত আকাশে তিনি। সম্প্রতি তার বিয়ের সংবাদও দেশের বেশ আলোচিত ঘটনা। সেই পরীমনি হঠাৎ হাজির হন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দেখতে আসেন তিনি।
সেই সময় চলে আসেন প্রেস বক্সে। কুশল বিনিময় করেন সংবাদমাধ্যমের সঙ্গে। জানা যায় নতুন ছায়াছবি ‘মুখোশ’-এর প্রচারেই তিনি এসেছেন স্টেডিয়ামে।
প্রচারণার ফাঁকে পরীমনি জানান, সুযোগ পেলে সাকিব আল হাসানের বায়োপিকে অভিনয় করতে চান তিনি। পরীমনি বলেন, ‘সিনেমা আগে কেউ তৈরি করুক। এরপর কোনো পরিচালক যদি আমাকে চান। আমি অবশ্যই করবো। আমার ইচ্ছা আছে। তবে ইচ্ছা থাকলেই হবে না। ব্যাটে-বলে মিলতে হবে খেলার মতো।’
যদিও পরীমনির ফেবারিট স্পোর্টস ক্রিকেট নয়, ফুটবল। তিনি বলেন, ‘আমি মূলত ফুটবল পাগল। ক্রিকেট নিয়ে এত ধারণা নেই। তবে আমার বাসার সবাই ক্রিকেটপাগল। আমিও যে ক্রিকেট পছন্দ করি না তা নয়, তবে ঘটা করে খেলাটা দেখা হয় না আরকি।’
স্বামী শরীফুল রাজের সঙ্গে মাঠে বসে জীবনে প্রথমবার কোনো ক্রিকেট ম্যাচ দেখে যারপর নাই উচ্ছ্বসিত পরীমনি। যেন ঈদের আনন্দ ছুঁয়ে যাচ্ছিল তাকে, ‘আমি আসলে জীবনে প্রথমবার মাঠে এলাম। কাল রাতে যখন শুনলাম আমি মাঠে যাব আমার ঈদ ঈদ লাগছিল। মাঠে এসে অনেক রোমাঞ্চিত আমি।’




