অল্পের জন্য বাঁচলেন মমতা

Published: 5 March 2022

পোস্ট ডেস্ক :


বারাণসী থেকে ফেরার সময় অল্পের জন্য ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে বাঁচলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে ৫০ কিলোমিটার দূরত্বে আকাশে ঝঞ্ঝার মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর চাটার্ড বিমান এবং তা লাট্টুর মতো পাক খেতে থাকে। মুখ্যমন্ত্রী এমনিতেই ব্যাকপেইন-এর সমস্যায় ভুগছেন। তার শরীরের পেছনের অংশে আঘাত লাগে। তবে সেই আঘাত গুরুতর নয়।
উড়ান বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গ সরকারের দাসল্ট ফালকন-২০০০ বিমানটি ক্লিয়ার এয়ার টার্বুল্যান্সে পড়েছিল। বড় মাপের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রীর সামান্য চোট লেগেছে। তবে বড় কিছু হতে পারতো।

বারাণসী ছাড়ার আগে ইউক্রেনের ভারতীয় ছাত্র-ছাত্রীদের সম্পর্কে সরকারের নীতির ফের সমালোচনা করেন। বলেন, মোদি সরকার আটকে পড়া পড়ুয়াদের উদ্ধারে ব্যর্থ হয়েছে।

বাংলার সাড়ে ৩০০ পড়ুয়া এখনও ইউক্রেনে আটকে আছে। পর্যাপ্ত বিমান পাঠাতে ব্যার্থ হয়েছে মোদি সরকার।