নীলাঞ্জনা সারাগামাপা চ্যাম্পিয়ন

Published: 7 March 2022

পোস্ট ডেস্ক :


ভিশন চ্যানেল জিটিভির গানের রিয়েলিটি শো সারেগামাপা-২০২২ চ্যাম্পিয়ন হয়েছেন নীলাঞ্জনা রায়। রবিবার (৬ মার্চ) রাতে এ আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৮ সালে ইন্ডিয়ান আইডলে অংশ নিয়ে তৃতীয় হয়েছিলেন তিনি।

ট্রফির পাশাপাশি নীলাঞ্জনা পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ লাখ রুপি।

দ্বিতীয় হয়েছেন রাজশ্রী বাগ। সেকেন্ড রানার আপ বা তৃতীয় হয়েছেন শরৎ শর্মা। তারা পুরস্কার হিসেবে পেয়েছেন যথাক্রমে ৫ লাখ এবং ৩ লাখ রুপি। তবে ভারতীয় গণমাধ্যম বলছে, পশ্চিমবঙ্গের হুগলির রাজশ্রীও জয়ী হতে পারতেন, অল্পের জন্য বিজয়ীর ট্রফি হাত ছাড়া হয়ে গেছে তাঁর।
এ আসরের বিচারকের দায়িত্ব পালন করেছেন বিশাল দাদলানি, হিমেশ রেশমিয়া ও শঙ্কর মহাদেব। চূড়ান্ত পর্বে তারা ছাড়াও উপস্থিত ছিলেন উদিত নারায়ণ ও প্রয়াত সুরকার-গায়ক বাপ্পি লাহিড়ির পরিবারের সদস্যরা।

নীলাঞ্জনা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, আমি ভীষণ আনন্দিত। কিন্তু আমার মূল লক্ষ্য ছিল দর্শকের হৃদয় জয় করা এবং তাদের ভালোবাসা পাওয়া। মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। এই ট্রফি আমার জন্য বোনাস। আবার, আমি ভাবতেই পারছি না সারাগামাপা আমার এক অসাধারণ জার্নি ছিল, সেটা এখন শেষ।

চ্যাম্পিয়ন নীলাঞ্জনা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের মেয়ে। পড়ছেন দ্বাদশ শ্রেণিতে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, গত নভেম্বরে সেরা ১৬ প্রতিযোগি বাছাইয়ের সময়ের তার গাওয়া গানের ট্র্যাক তৈরি করেছিলেন হিমেশ রেশামিয়া। যেটা তার প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার পথকে অনেকটা মসৃণ করে দিয়েছিল। ‘আপনে তো আপনে হায়’ নামের এই গান গেয়ে বিচারকদের হৃদয় জয় করে নিয়েছিলেন। ব্যাপক প্রশংসা করেছিলেন হিমেশ।

এর আগে একটি এপিসোডে নীলাঞ্জনার গান শুনে অভিনেতা ধর্মেন্দ্র প্রশংসা করেছিলেন নীলাঞ্জনার।

গ্র্যান্ড ফিনালেতে লড়াই করেছেন শরৎ শর্মা, নীলাঞ্জনা রায়, অনন্যা চক্রবর্তী, স্নিগ্ধাজিত ভৌমিক, রাজশ্রী বাগ, সঞ্জনা ভাট।

নীলাঞ্জনা যেহেতু উচ্চ মাধ্যমিকে পড়ছেন তাই বাড়িতে ফিরে তিনি পড়াশোনায় মন দিতে চান। পাশাপাশি গানও চালিয়ে যাবেন। তার অনন্য এই অর্জনে প্রতিবেশীরাও আনন্দিত। তারা অপেক্ষায় আছেন নীলাঞ্জনার বাড়ি ফেরার।

নীলাঞ্জনা ২০১৭ সালের ভয়েস ইন্ডিয়া ২০১৭ তে প্রথম রানার আপ হয়েছিলেন। ২০১৮ সালে ইন্ডিয়ান আইডলে অংশ নিয়ে তৃতীয় হয়েছিলেন।