ইউক্রেন ইস্যুতে এরদোগানের সঙ্গে যে কথা হলো বাইডেনের
পোস্ট ডেস্ক :

ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার এরদোগানকে ফোন করেন বাইডেন। খবর ডেইলি সাবাহ ও আনাদোলুর।
ইউক্রেনে রুশ হামলার সবশেষ পরিস্থিতি এবং অন্যান্য বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়।
ইউক্রেন-রুশ যুদ্ধ ছাড়াও দুই নেতা টেলিফোনে দ্বিপক্ষীয় নানা বিষয়ে কথা বলেন বলে তুরস্কের কমিউনিকেশন ডিরেক্টরেট জানিয়েছে।
যুদ্ধ থামাতে তুরস্কের উদ্যোগগুলো তুলে ধরেন এরদোগান। সেই সঙ্গে সংকট আরও ঘনীভূত হওয়ার আগে দ্রুত যুদ্ধ বন্ধ করার তাগিদ দেন তিনি। ইউক্রেনে বেসামরিক লোকদের প্রাণহানির বিরুদ্ধে তুরস্ক-এ কথা জানিয়েছেন এরদোগান।
তুরস্কের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা অন্যায্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান এরদোগান।
৪৫ মিনিটের ফোনালাপে বাইডেন যুদ্ধ বন্ধে তুরস্কের ভূমিকার প্রশংসা করেন।
তুরস্কের সঙ্গে রাশিয়া ও ইউক্রেন দুদেশের সম্পর্কই ভালো। এরদোগান বলেছেন, এই যুদ্ধ থামাতে তিনি ২০ দেশের নেতার সঙ্গে কথা বলেছেন।
আর যুক্তরাষ্ট্র শুরু থেকেই ইউক্রেনে আগ্রাসনের নিন্দা জানিয়ে আসছে। রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করে দিয়েছে জো বাইডেনের সরকার।




