বাংলাদেশের ‘পাওয়ার হিটিং’ কোচ এলবি মরকেল
পোস্ট ডেস্ক :

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য এলবি মরকেলকে পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়োগ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত দুই সপ্তাহের মধ্যে টাইগারদের কোচিং প্যানেলে যুক্ত হওয়া দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান এলবি মরকেল। এর আগে বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন অ্যালান ডোনাল্ড।
বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস মঙ্গলবার জানান, সাবেক প্রোটিয়া অলরাউন্ডার মরকেল ইতিমধ্যেই দলের সঙ্গে কাজ শুরু করেছেন। জালাল ইউনুস বলেন, ‘তিনি খুবই অভিজ্ঞ এবং আমাদের মনে হয় তার কোচিংয়ে আমাদের ব্যাটাররা উপকৃত হবে।’
বাংলাদেশে ক্রিকেট দলের সঙ্গে পাওয়ার হিটিং কোচ যুক্ত হওয়ার ঘটনা এটাই প্রথম। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে পাওয়ার প্লে’র সদ্ব্যবহার করতে পারছে না বাংলাদেশ। দীর্ঘদিন ধরে চলা এ সমস্যা থেকে নিষ্কৃতি পেতে মরকেলকে নিয়ে আসা। দেখা যাক, তার ছোঁয়ায় কতটুকু উন্নতি হয় ব্যাটারদের পাওয়ার হিটিংয়ে।
আসছে শুক্রবার সেঞ্চুরিয়নে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ২০শে মার্চ জোহানেসবার্গে দ্বিতীয় ও ২৩শে মার্চ সেঞ্চুরিয়নে তৃতীয় ম্যাচ।
ওয়ানডের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে দু’দল। ৩১শে মার্চ ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। ৮ই এপ্রিল দ্বিতীয় টেস্ট পোর্ট এলিজাবেথে।




