বিয়ের ফুল ফুটলো দিল্লি বিমানবন্দরেই
পোস্ট ডেস্ক :

ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত রাজধানী কিয়েভ থেকে একটানা উড়ে আসার ক্লান্তি ছিল। ছিল যুদ্ধের আতঙ্ক আর বিভীষকার সেই সব মুহূর্তের স্মৃতি। ট্রেঞ্চ এ রাত কাটানো আত্মীয় পরিজনদের কথাও বারবার মনে পড়ছিল। কিন্তু দিল্লি বিমানবন্দরে তরুণ অনুভব ভাসিনকে দেখে চোখ-মুখ উজ্জ্বল হয়ে উঠলো ইউক্রেনীয়ান তরুণী আনা কার্বস্যকির। অনুভব দিল্লি হাইকোর্টের তরুণ আইনজীবী। এক তাড়া গোলাপ ফুল নিয়ে এসেছিল অনুভব। আনার হাতে সেই গোলাপের স্তবক তুলে দিয়ে তাকে প্রস্তাব দিল অনুভব -আমাকে বিয়ে করবে? এই শব্দগুলো শোনার জন্যই কয়েক হাজার কিলোমিটার উড়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে ভারতে আসা। আনা এবং অনুভবের প্রথম দেখা এই দিল্লি শহরেই।
প্রাক করোনা যুগে। তারপর দু’জনের প্রণয়। কিয়েভেও ঘুরে এসেছে অনুভব। দুই পরিবারের কথাবার্তাও পাকা হয়ে গিয়েছিল। কিন্তু, বাদ সাধলেন পুতিন। ইউক্রেন আক্রমণ করলেন তিনি। বিয়ে শিকেয় উঠলো। তারপর রবিবার কোনোরকমে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ভারতের রাজধানী দিল্লিতে পদার্পণ আনার। অনুভব ভাসিনের বিয়ের প্রস্তাব। সব যেন স্বপ্ন মনে হচ্ছে আনার। চোখ বুজলেই শুনতে পাচ্ছেন মর্টারের আওয়াজ, শেলিং এর শব্দ। কিন্তু, তার হাত ধরে আছে অনুভবের বলিষ্ঠ দুটি হাত। হাতজোড়া যেন বলছে, এই পৃথিবীতে যুদ্ধ যেমন বাস্তব, প্রেমও তেমন অনির্বান।




