ইমরানকে সমর্থন করলেন যেসব সেলিব্রেটি

Published: 28 March 2022

পোস্ট ডেস্ক :


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্যারেড গ্রাউন্ডে তার শক্তি প্রদর্শন করেছেন। বিরোধীরা প্রস্তুতি নিচ্ছেন জাতীয় পরিষদে বাস্তবে তাদের শক্তির জোর কতটুকু তা দেখাতে। যদি তারা ১৭২ জন পার্লামেন্ট সদস্যের সমর্থন পেয়ে যায়, তাহলে প্যারেড গ্রাউন্ডের দলীয় শক্তিমত্তা কাজে আসবে না ইমরানের। বিদায় নিতে হবে তাকে। আর যদি জাতীয় পরিষদে বিরোধীরা অনাস্থা প্রস্তাবে হেরে যায়, তবে সেটাই হবে ইমরান খানের প্রকৃত শক্তি। এখন পরিস্থিতি কোনদিকে যায় বলা কঠিন। কারণ, এরই মধ্যে তার নিজ দলের বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য বিদ্রোহ করেছেন। সর্বশেষ রোববার ইমরান খানের বেলুচিস্তান বিষয়ক বিশেষ সহকারী, জামুরি ওয়াতান পার্টির নেতা শাহজান বুগতি পদত্যাগ করেছেন।

তিনি ইমরান খানের বিরুদ্ধে যাওয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন। দৃশ্যত ইমরান খানের চারদিকে পরিস্থিতি তার পক্ষে নেই। তবু ভাগ্য বলে কথা। শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না তিনি ক্ষমতায় টিকে থাকবেন কিনা। এরই মধ্যে দলীয় নেতাকর্মীদের মতো তাকে সমর্থন করেছেন অনেক সেলিব্রেটিও। তার মধ্যে আছেন অভিনেতা হারুণ শাহিদ, আহমেদ আলি ভাট। তারা রোববারের সমাবেশে যোগ দিয়েছিলেন। টুইটারে ইমরান খানকে ‘ম্যাস লিডার’ বা বড়মাপের নেতা বলে উল্লেখ করেছেন অভিনেতা আদনান সিদ্ধিকী। রোববারের র‌্যালি নিয়ে তিনি লিখেছেন, মানুষ যে তাকে ভালবাসে, এটা তার প্রমাণ। যারা নোংরা রাজনীতি করছেন, তাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানকে তার মেয়াদ পূর্ণ করতে দিন। অভিনেতা হুমায়ুন সাঈদ টুইট করেছেন ইমরানের পক্ষে। বলেছেন, ইমরান খানের ক্রিকেটীয় দিনগুলো থেকে তিনি তার ভক্ত। এখনও তিনি ইমরানের নেতৃত্বকে সম্মান করেন। তিনিও ইমরান খানের ক্ষমতার মেয়াদ পুরো হোক তা চান। টুইটে তিনি বলেছেনÑ মাত্র একটি ডাকে এসব মানুষ দৌড়ে নেমেছেন মাঠে। তারা কিন্তু সমর্থনের শতকরা একভাগও নন। ইমরান খানের প্রতি মানুষের যে আস্থা, ভালবাসা এবং বিশ্বাস তাতে চির ধরাতে পারবেন না। অভিনেত্রী সাবা কামারও টুইট করেছেন। ইমরান সম্পর্কে তিনি লিখেছেন, এটা একজন ব্যক্তির বিষয় নয়। বিষয়টি হলো পাকিস্তানের। ললিউড অভিনেতা শান শাহিদ প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার একটি ছবি পোস্ট করে লিখেছেন, পাকিস্তান তার কথা জানিয়ে দিয়েছে। তারা পাকিস্তানের উজ্বল ভবিষ্যতের জন্য নেতৃত্ব দিতে মাত্র একজন নেতাকে চান। তিনি ইমরান খান। ইমরান খানের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে অভিনেত্রী আইমান খান লিখেছেন, আপনার পাশে আছি আমরা। সঙ্গে যুক্ত করেছেন হ্যাসট্যাগ ‘দুর্নীতিকে না বলুন’। স্ত্রী আইমান খানের পোস্ট রি-শেয়ার করেছেন স্বামী ও অভিনেতা মুনিব ভাট। অভিনেত্রী ও উপস্থাপিকা সামিনা পীরজাদাও প্রধানমন্ত্রী ইমরানের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। নূরজাহানের গানকে কপি করে তিনি লিখেছেনÑ ‘কুচ ভি না কহ আউর কেহ ভি গায়ে’।