নিউজ চ্যানেল না দেখার আবেদন মমতার
পোস্ট ডেস্ক :

এরা তিলকে তাল করে। কোনো ঘটনা ঘটলেই মিডিয়া ট্রায়াল শুরু করে দেয়। আপনারা নিউজ চ্যানেল দেখবেন না, ষ্টার জলসা কিংবা জি টিভির সিরিয়াল দেখুন। মন ভালো থাকবে- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এহেন কথায় বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, মনপসন্দ কথা না বললেই কি নিউজ চ্যানেল খারাপ? মুখ্যমন্ত্রী কি নির্দিষ্ট করে বলতে পারেন কে কোন চ্যানেল দেখবে? মুখ্যমন্ত্রীর শিবির বলছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ দর্শকের নিরিখে এই কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে কোনো নির্দেশ দেননি। এইটুকু বলার স্বাধীনতা তাঁর আছে।
মুখ্যমন্ত্রী বাংলার নিউজ চ্যানেলগুলি সম্পর্কে বলেছেন- সারাক্ষন নেগেটিভ খবর নিয়ে এদের কারবার।
খুন জখম ধর্ষণ রাহাজানি ছাড়া এরা কিছু বোঝেনা কোনো ঘটনা ঘটলে আমি পুলিশের কাছে খবর নিই। তাদের ঘটনা কনফার্ম করতে বলি। আর নিউজ চ্যানেলগুলো সঙ্গে সঙ্গে বিরাট করে এই সমস্ত ঘটনা দেখানো শুরু করে। আর সন্ধ্যা হলেই মুখে পাউডার লাগিয়ে ক্যামেরার সামনে বসে পড়ে। মানুষ বিভ্রান্ত হয়। মমতা অভিযোগ করেন, বিজেপি সকালবেলা বলে দেয় কি ভাবে কোন ঘটনা দেখিয়ে রাজ্য সরকারকে অপদস্থ করতে হবে। আর নিউজ চ্যানেলগুলো সেই কথা শুনে নাচে। বিজ্ঞাপন পাওয়ার জন্যে যা খুশি করে। রাজ্যের মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলা নিউজ চ্যানেলগুলোর যেন একটাই কাজ বাংলাকে হেয় করা। তাই অনুরোধ আপনারা সিরিয়াল দেখুন। তিনি আরও বলেন ওড়িশায় যখন সাংবাদিককে শিকল পরিয়ে রাখা হয়, উত্তরেপ্রদেশে যখন সাংবাদিককে মারা হয় তখন এঁরা নীরব থাকেন। আর বাংলায় কিছু ঘটলেই রে রে শব্দে তেড়ে যান। মুখ্যমন্ত্রীর এই কথায় বিতর্ক কিন্তু জোরদার। কেউ কেউ মনে করছেন, নিজে কাঁচের ঘরে বসে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যের ঘরে ঢিল ছুঁড়েছেন।




