পাকিস্তানে মুদ্রাস্ফীতি, ঝুঁকি বৃদ্ধির সতর্কতা আইএমএফের
পোস্ট ডেস্ক :

পাকিস্তানে ক্ষমতায় নতুন সরকার। বিশ্বজুড়ে অর্থনীতির যে অবস্থা, বিশেষ করে শ্রীলঙ্কায়- তার প্রেক্ষিতে দেশটির অর্থনীতি নিয়ে সতর্কতা দিয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ। বলেছে, সেখানে জাতীয় প্রবৃদ্ধিতে কোনো পরিবর্তন ঘটবে না। তবে দেখা দেবে মুদ্রাস্ফীতি। ঝুঁকি আছে ঘাটতির। আইএমএফ বলেছে, ২০২২ অর্থবছরে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি অপরিবর্তিত অর্থাৎ শতকরা ৪ ভাগই থাকতে পারে। বাড়বে মুদ্রাস্ফীতি। বাইরের দেশগুলোর অর্থনৈতিক পরিস্থিতির কারণে সেখানে স্বল্পমেয়াদী ঝুঁকি বৃদ্ধি পাবে।
চলতি হিসাবে দেখা দেবে বড় ঘাটতি। আগের বছরে চলতি হিসাবে ঘাটতি সম্পর্কে আইএমএফ পূর্বাভাস দিয়েছিল শতকরা ৪.১ ভাগ। কিন্তু ২০২২ সালের জুনে তা বেড়ে দাঁড়াবে ৫.৩ ভাগ। বিশেষ করে তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আমদানির জন্য এ ঘটনা ঘটবে। ওয়াশিংটনে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের তথ্যমতে, ঋণদাতাদের প্রক্ষেপণ বলছে এই অর্থবছরে পাকিস্তানে চলতি হিসাবে ঘাটতি গিয়ে দাঁড়াবে ১৮৫০ কোটি ডলার। এর আগে তারা এই সংখ্যাকে ১২৯০ কোটি ডলার হবে বলে পূর্বাভাস দিয়েছিল। বলা হয়েছে এর আগে পাকিস্তানে গড় মুদ্রাস্ফীতি ৯.৪ ভাগ ধরা হয়েছিল। তা বর্তমান অর্থবছরে দাঁড়াতে পারে ১২.৭ ভাগ।




