বিএনপির আবদুল আউয়াল মিন্টুসহ ১৭৭ জনের বিরুদ্ধে দুই মামলা

Published: 30 August 2022

বিশেষ সংবাদদাতা :


ফেনীর সোনাগাজীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে প্রধান আসামি করে দলটির ১৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

সোনাগাজী মডেল থানার এসআই সৌরজিৎ বডুয়া ও মাঈন উদ্দিন বাদী হয়ে মঙ্গলবার দুপুরে মামলা দুটি করেন। এরই মধ্যে এ মামলায় রিপন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা দুটিতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২০-১৩০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ চলাকালে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৬০ রাউন্ড ফাঁকা গুলি করে।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।