কেরানীগঞ্জে গ্যাসের আগুনে পুড়ে ৩ জনের মৃত্যু

Published: 2 September 2022

বিশেষ সংবাদদাতা :


ঢাকার কেরানীগঞ্জে একই পরিবারের শিশুসহ ছয় জনের দগ্ধদের ঘটনায় আরো দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো বেগম (৬০) ও তার নাতী শাহাদাত (২০)। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় বেগমের মৃত্যু হয়। তাঁর শরীরের ২৩ শতাংশ দগ্ধ হয়েছিল।

একদিন দিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর নাতি শাহাদতের মৃত্যু হয়। তাঁর শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছি। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। বিষয়টি নিশ্চিত করেন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃত দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মৃতের বন্ধু ও প্রতিবেশী ইমন জানান, মৃত শাহাদতের বাবার নাম আব্দুর রশিদ। মা ছালমা বেগম সৌদি প্রবাসী। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। মৃত শাহাদাত বকশিবাজারস্থ বোরহান উদ্দিন কলেজের ইন্টারনেটের দ্বিতীয় বর্ষের শিক্ষাথী ছিল। তার ছোট ভাই ইয়াসিনের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন মৃতের বন্ধু ইমন। এর আগে তার খালাত বোন আট বছরের শিশু মরিম মারা যায়। শাহাদাত ও তার নানীর মৃত্যুর সংবাদ শুনে সৌদি থেকে রওনা দিয়েছেন তার মা ছালমা বেগম।

গত ৩০ আগস্ট ভোরে কেরাণীগঞ্জের মান্দাঈল বাজারের একটি বাড়িতে গ্যাস থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারে ছয়জন দগ্ধের ঘটনা ঘটে।