শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে শিশুকে ধর্ষণ
সিরাজগঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একদিনের ব্যবধানে পৃথক দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ নভেম্বর) সকালে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এসকল তথ্য নিশ্চিত জানান, অভিযুক্তদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলো- উপজেলার বড়হর গ্রামের আব্দুল মান্নানের ছেলে তারিকুল ইসলাম (২০) ও রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী গ্রামের শামছুল ইসলামের ছেলে রাজ শেখ (২৮)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বড়হর দক্ষিণপাড়া গ্রামে গত সোমবার ৩১ অক্টোবর সকালে ৭ বছরের এক শিশুকে বিভিন্ন কথার মাধ্যমে ফুসলিয়ে একটি ঘাসের জমিতে নিয়ে ধর্ষণ করেন তারিফুল ইসলাম। অপরদিকে রোববার ৩০ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বাঁখুয়া গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ১০ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেন রাজু শেখ। দুটি ঘটনাতেই থানায় মামলা দায়ের হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শিশু ধর্ষণের অভিযোগে পৃথক দুইটি মামলা হয়েছে। মামলার পরেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার সকালে শিশু দুইটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।




