টোকিওতে বাস করছেন জ্যাক মা, সঙ্গে রেখেছেন দেহরক্ষী

Published: 30 November 2022

পোস্ট ডেস্ক :


চীন সরকারের ব্যাংকিং নীতির ২০২০ সালে সমালোচনা করেছিলেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। তারপর হুট করেই জনসম্মুখে আসা বন্ধ হয়ে যায় ওই ধনকুবেরের।

অনেকেই ওই সময় ধারণা করেছেন, চীনা সরকারের নীতির সমালোচনা করায় তাকে হয়তো আটক করা হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে জানা যায়, গ্রেপ্তার ও অন্যান্য ঝামেলা এড়াতে চীন ছেড়ে অন্য দেশে চলে গেছেন জ্যাক মা।

তবে তিনি ঠিক কোন দেশে রয়েছেন, সে ব্যাপারে স্পষ্ট করে কিছুই জানা যাচ্ছিল না। দ্য ফিনানশিয়াল টাইমস গতকাল মঙ্গলবার জানিয়েছে, জ্যাক মা এখন তার পরিবারের সদস্যদের নিয়ে জাপানের টোকিওতে আছেন। সেখানে ছয় মাস ধরে অবস্থান করছেন তিনি।

জ্যাক মা অনেকটা নীরবে জীবনযাপন করছেন সেখানে। সেখানেও তেমন একটা প্রকাশ্যে আসছেন না। টোকিও থেকে তিনি মাঝে মাঝে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে যান। নিজের ব্যাবসায়িক কার্যক্রম সেখান থেকেই পরিচালনা করছেন।

জাপানে নিজের ব্যক্তিগত দেহরক্ষী ও ব্যক্তিগত রাঁধুনিকে নিয়ে গেছেন জ্যাক মা। তিনি দামি শিল্পকর্ম সংগ্রহ করছেন বলেও খবর বেরিয়েছে।