আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৭

Published: 6 December 2022

পোস্ট ডেস্ক :


আফগানিস্তানে রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে অন্তত সাত জন নিহত হয়েছে। নিহতরা সকলেই একটি পেট্রোলিয়াম কোম্পানির কর্মী। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরিফ শহরে এই বোমা হামলার ঘটনা ঘটেছে। এ খবর দিয়েছে আরব নিউজ।

খবরে জানানো হয়, রাস্তার পাশে ওই বোমাটি পুতে রাখা হয়েছিল। সেখানে পেট্রোলিয়াম কোম্পানির একটি বাস এসে থামার সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হয়। পুরো ঘটনাটি বর্ণনা করেছেন মাজার-ই-শরিফের পুলিশ কর্মকর্তা আসিফ ওয়াজিরি। এ ঘটনার পেছনে কারা ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

যদিও তালেবান দাবি করেছে, তারা ক্ষমতা দখলের পর আফগানিস্তানের নিরাপত্তা বৃদ্ধি করেছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রায়ই সেখানে জঙ্গি হামলা হচ্ছে। এর একটি বড় অংশেরই দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।

ডিসেম্বরের প্রথমেই এক মাদ্রাশায় বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনায় আহত হন ২৪ জন।

সেটিও ঘটেছিল এই মাজার-ই-শরিফেই। এছাড়া, চলতি বছরের মে মাসে মাজার-ই-শরিফে ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হয়েছিলেন। জঙ্গি সংগঠন আইএসআইএস ওই হামলার দায় স্বীকার করে। আফগানিস্তানের সাম্প্রতিক সহিংসতার মধ্যে একটি আত্মঘাতী বোমা হামলাও অন্তর্ভুক্ত রয়েছে। অক্টোবরে সংঘটিত হওয়া ওই হামলায় আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবন কমপ্লেক্সে একটি মসজিদে চারজন নিহত হন।