বিএনপির এমপিদের নেওয়া সুবিধার তথ্য চেয়ে নোটিশ

Published: 12 December 2022

বিশেষ সংবাদদাতা :


পদত্যাগ করা বিএনপির দলীয় সংসদ সদস্যরা গাড়ি-প্লটসহ আইন অনুযায়ী সরকারের কাছ থেকে কী কী সুযোগ-সুবিধা নিয়েছেন, তার তথ্য জানতে চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন নোটিশ পাঠান।

নোটিশ গ্রহণের ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে তথ্য না পেলে আইনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন ব্যারিস্টার সুমন।

সংসদ সচিবালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে নোটিশ পাঠানো হয়েছে।

১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগপত্র ই-মেইলে স্পিকারের কাছে পাঠিয়েছেন। তারা হলেন- আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪), জি এম সিরাজ (বগুড়া-৭), আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)।