মন্ত্রীকে প্রকাশ্যে কড়া তিরস্কার করলেন পুতিন
পোস্ট ডেস্ক :

বাণিজ্য ও শিল্পমন্ত্রীকে প্রকাশ্যে তিরস্কার করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার সরকারের ২০২৩ সালের প্রথম বৈঠকে এ ঘটনা ঘটে।
সামরিক ও বেসামরিক বিমানের অর্ডার দেওয়ার ক্ষেত্রে আমলাতান্ত্রিক বিলম্বের জন্য অভিযুক্ত করে বেশ কয়েক মিনিট ধরে পুতিন মন্ত্রী ডেনিস মান্তুরভকে বকেন।
পুতিন বলেন, ‘খুব বেশি সময়, কাজটিতে খুব বেশি সময় লাগছে।…কীসের জন্য ধানাই পানাই করছেন? কবে চুক্তিগুলো স্বাক্ষর হবে?’
প্রকাশ্যে শীর্ষ কর্মকর্তাদের সমালোচনা করতে কখনও পিছপা হননি রাশিয়ার প্রতাপশালী প্রেসিডেন্ট পুতিন।
বুধবারই প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে তার শীর্ষ সেনা কমান্ডারকে সরিয়ে নতুন একজনকে দায়িত্ব দেন। বিদায়ী কমান্ডার সের্গেই সুরোভিকিন মাত্র তিন মাস দায়িত্বে ছিলেন।
রাশিয়ার টিভিতে প্রচারিত ভিডিও কলের দৃশ্যে দেখা যায়, সাধারণভাবে বৈঠকটি প্রাণবন্ত। পুতিন তার মন্ত্রীদের অর্থনীতি পরিচালনার প্রশংসা করেন। তবে তিনি বারবার শিল্পমন্ত্রী ডেনিস মান্তুরভের কথার মধ্যে বাধা দেন। মন্ত্রী এ সময় বিমান, হেলিকপ্টার ও নৌযানের বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরছিলেন।
পুতিন অভিযোগ করে বলেন, ‘হেলিকপ্টারসহ এই ৭০০ টি বিমান… আপনাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি চূড়ান্ত করতে হবে।…বেশ কয়েকটি প্রতিষ্ঠান এখনও কোনও কাজের ফরমায়েশ পায়নি।’
ডেনিস মান্তুরভ ২০১২ সাল থেকে পুতিন মন্ত্রিসভার একজন অনুগত সদস্য। নিয়মিতভাবে বিদেশ এবং অভ্যন্তরীণ সফরে প্রেসিডেন্টের সঙ্গে ভ্রমণ করেছেন তিনি। যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ত্রুটি ধরা পড়ার পর গত গ্রীষ্মে তাকে রাশিয়ার অস্ত্র শিল্পের তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছিল।
তিরস্কারের শেষ দিকে মন্ত্রী প্রতিশ্রুতি দেন তার দপ্তর নিজেদের অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে মিলে সর্বোত্তম চেষ্টা করবে। কিন্তু ক্রমেই বেশি করে উত্তেজিত প্রেসিডেন্টের জন্য এটি যথেষ্ট ছিল না।
পুতিন বলেন, ‘না, এটা এক মাসের মধ্যেই করুন। আপনি কি বুঝতে পারছেন না আমরা কী অবস্থায় আছি? এটা এক মাসের মধ্যেই করা দরকার, পরে হলে চলবে না।’




