আফগানিস্তানে সাবেক নারী সংসদ সদস্যকে গুলি করে হত্যা

Published: 16 January 2023

পোস্ট ডেস্ক :


আফগানিস্তানের রাজধানী কাবুলে সাবেক এক নারী সংসদ সদস্যকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে তার এক দেহরক্ষীর মৃত্যু হয়। এঘটনায় আহত হয়েছেন তার ভাই ও আরেক নিরাপত্তারক্ষী। স্থানীয় সময় রোববার বেলা ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আজ সোমবার দেশটির পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ওই সংসদ সদস্যের নাম মুরসাল নবীজাদা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারে সংসদ সদস্য ছিলেন। তালেবান ক্ষমতা গ্রহণের পর কাবুলে থেকে যাওয়া কয়েকজন নারী সংসদ সদস্যের মধ্যে তিনি একজন।

স্থানীয় পুলিশপ্রধান মৌলভি হামিদুল্লাহ খালিদ জানান, নবীজাদার ভাই ও দ্বিতীয় নিরাপত্তারক্ষী আহত হয়েছেন এবং তৃতীয় নিরাপত্তারক্ষী টাকা ও গয়না নিয়ে পালিয়ে গেছেন। তবে হত্যাকাণ্ডের সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে তিনি মন্তব্য করেননি। নিরাপত্তা বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে।

নবীজাদা ২০১৯ সালে কাবুলের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং বেসরকারি গোষ্ঠী মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটে কাজ করেছিলেন।