যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৩, আহত ৫

Published: 14 February 2023

পোস্ট ডেস্ক :


যুক্তরাষ্ট্রের মিশিগানে বন্দুক হামলায় তিন জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন। অঙ্গরাজ্যটির স্টেট ইউনিভার্সিটিতে সোমবার রাতে এই ঘটনা ঘটে। আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। পুলিশ জানিয়েছে, হামলাকারী একজন কৃষ্ণাঙ্গ পুরুষ। হামলার সময় তিনি মুখে মাস্ক পরে ছিলেন। ওই গুলির ঘটনার কয়েক ঘণ্টা পর তাকে মৃত উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি নিজেই আত্মহত্যা করেছেন।

এর আগে পুলিশের তরফে জানানো হয়েছিল, লাল রঙের কেডস, গায়ে জিন্সের জ্যাকেট এবং মাথায় বেসবল ক্যাপ পরে হামলা চালান বন্দুকধারী। তাকে ধরিয়ে দেয়ার আহ্বানও জানানো হয়। তবে শেষ পর্যন্ত নিজেই আত্মহত্যা করেছেন তিনি। তবে ঠিক ঠিক কী কারণে তিনি এই সহিংস পথ বেছে নিলেন তা জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়টিতে ৫০ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছেন।

তবে ওই হামলাকারীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় এলাকার দুটি আলাদা আলাদা স্থানে গুলি চালিয়েছেন ৪৩ বছর বয়স্ক হামলাকারী। আহতদের মধ্যে একাধিক জনের অবস্থা সংকটজনক। ক্যাম্পাসে এখন আর কোনো ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছে পুলিশ।