ট্রাম্পের অনুষ্ঠানে অতর্কিত গুলি, কে এই টমাস অ্যালেন?

Published: 26 April 2026

পোস্ট ডেস্ক :


যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন নামে হোটেলে স্থানীয় সময় শনিবার রাতে নৈশভোজের সময় অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলির শব্দের পর দ্রুত সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকে।

মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, সাত থেকে আটটি গুলির শব্দ শোনার পর প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং অন্য অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নৈশভোজের ওই অনুষ্ঠানে প্রায় ২ হাজার ৬০০ অতিথি ছিলেন।
ইতিমধ্যে এই হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে শনাক্ত করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।

অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা বলে জানা গেছে। মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, টমাস একটি নামকরা প্রতিষ্ঠান থেকে স্নাতক শেষ করার পর শিক্ষকতা করছিলেন।
সিবিএস নিউজ বলছে, অ্যালেন নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক শেষ করার পর টরেন্সে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন।

অ্যালেনের একটি লিংকডইন প্রোফাইলের বরাতে সিএনএন জানিয়েছে, তিনি টেস্ট প্রিপারেশন ও টিউটরিং প্রতিষ্ঠান সি২ এডুকেশনে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ওই প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে দেখা যায়, ২০২৪ সালের ডিসেম্বরে অ্যালেনকে ‘টিচার অব দ্য মান্থ’ নির্বাচিত করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, যেই ওয়াশিংটন হিলটন হোটেলে নৈশভোজ চলছিল, অ্যালেন সেখানে একজন অতিথি হিসেবে ছিলেন। তার কাছে বন্দুক ও ছুরিসহ একাধিক অস্ত্র ছিল।
পুলিশ ধারণা করছে, হামলাটি এককভাবে পরিচালিত হয়েছে। তবে এই হামলার পেছনের উদ্দেশ্য এখনো অস্পষ্ট। তদন্তকারীরা ক্যালিফোর্নিয়ায় সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ অব্যাহত রয়েছে।

গুলির এই ঘটনার পর অ্যালেন এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সোমবার আদালতে অভিযোগ আনা হবে বলে ধারণা করা হচ্ছে।