হোটেল হিলটনে ৪৫ বছর আগে আরেক মার্কিন প্রেসিডেন্টও হামলার শিকার
পোস্ট ডেস্ক :

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কানেকটিকাট অ্যাভিনিউয়ের হিলটন হোটেল দেশটির ভবিষ্যৎ প্রেসিডেন্টদের জন্য হয়তো ঝুঁকিপূর্ণ স্থান! গতকাল শনিবার (২৫ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশ ভোজের অনুষ্ঠানে যে স্থানে গুলির ঘটনা ঘটেছে, ঠিক একই স্থানে ৪৫ বছর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানও গুলিতে আহত হয়েছিলেন।
১৯৮১ সালের ৩০ মার্চ ওই হোটেলেই এক বক্তৃতা শেষে গাড়িতে উঠতে যাচ্ছিলেন দেশটির ৪০তম প্রেসিডেন্ট রিগ্যান। এ সময় হামলাকারী জন হিঙ্কলি জুনিয়র তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়ে।
সেসময় গুলিতে গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান রিগ্যান।
প্রেসিডেন্টের বুলেটপ্রুফ লিমুজিনে আঘাত লেগে ছিটকে আসা একটি গুলি তার পাঁজর ভেঙে শরীরে ঢুকে ফুসফুসে আঘাত করে। দ্রুত তাকে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে ১১ দিন পর হাসপাতাল ছাড়েন তিনি।
এই ঘটনার পর থেকে হোটেলটি স্থানীয়ভাবে রিগ্যান হোটেল হিসেবে পরিচিতি পায়।
একই ঘটনায় আহত হন তৎকালীন হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি, সিক্রেট সার্ভিসের এক এজেন্ট এবং স্থানীয় এক পুলিশ কর্মকর্তা। মাথায় গুরুতর আঘাত পেয়ে ব্র্যাডির মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি পক্ষাঘাতে আক্রান্ত হয়ে সারাজীবন পঙ্গুত্বের মধ্যে কাটান। দীর্ঘ ভোগান্তির পর ২০১৪ সালে তার মৃত্যু হয়।
মানসিক অসুস্থতার কারণে আদালত হিঙ্কলিকে নির্দোষ ঘোষণা করলেও তাকে ওয়াশিংটনের সেন্ট এলিজাবেথ হাসপাতালের একটি উচ্চনিরাপত্তা ইউনিটে রাখা হয়।
পরে ২০১৬ সালে সেখান থেকে মুক্তি পান তিনি। ঘটনাস্থলটি এখনো একটি স্মারক ফলকের মাধ্যমে চিহ্নিত করে রাখা হয়েছে।
এর প্রায় সাড়ে চার দশক পর একই হোটেলে আবারও গুলির ঘটনা ঘটল। স্থানীয় সময় শনিবার রাতে হোয়াইট হাউজ সাংবাদিক সমিতির নৈশভোজ চলাকালে সশস্ত্র এক ব্যক্তি নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ঢোকার চেষ্টা করলে প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস।
একজন এফবিআই কর্মকর্তা রয়টার্সকে জানান, হামলাকারী একটি শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক এজেন্টকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
তবে তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত থাকায় প্রাণে বেঁচে গেছেন।
নৈশভোজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প। তাদের দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে।
এ ঘটনায় ৩১ বছর বয়সী সন্দেহভাজন কোল টমাস অ্যালেনকে আটক করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ওই ব্যক্তিকে ‘অসুস্থ’ হিসেবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বর্তমানে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন।




