কিয়েভে ‘পরিকল্পিত হামলার’ হুঁশিয়ারি রাশিয়ার: বিদেশিদের দ্রুত শহর ছাড়ার নির্দেশ

Published: 26 May 2026

পোস্ট ডেস্ক :

ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ‘পরিকল্পিত ও ধারাবাহিক হামলার’ (systematic strikes) হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। একই সঙ্গে কিয়েভে অবস্থানরত সমস্ত বিদেশি নাগরিক, আন্তর্জাতিক সংস্থার কর্মী এবং বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের কর্মকর্তা-কর্মচারীদের যত দ্রুত সম্ভব শহর ত্যাগ করার নির্দেশ দিয়েছে মস্কো।

 

 

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, রুশ প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই চরম বার্তা দিয়েছে। রাশিয়ার দাবি, কিয়েভের সামরিক ও প্রতিরক্ষা শিল্প কারখানাগুলোকে লক্ষ্য করে এই বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।

হামলার কারণ হিসেবে রাশিয়ার দাবি: গত সপ্তাহে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা লুহানস্ক অঞ্চলের স্টারোবিলস্কে একটি ছাত্রাবাসে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১৮ জন নিহত এবং ৪২ জন আহত হন। মস্কো এই ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ এবং আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্টারোবিলস্কের ঘটনাই ছিল তাদের ধৈর্যের ‘শেষ সীমা’। এরই পাল্টা জবাব হিসেবে কিয়েভে ড্রোন ডিজাইন, উৎপাদন এবং প্রোগ্রামিং করার কেন্দ্রগুলোতে ধারাবাহিক হামলা চালানো হবে।

 

রুশ বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, “যেহেতু কিয়েভের বিভিন্ন স্থানে এই সামরিক স্থাপনাগুলো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, তাই বিদেশি নাগরিক ও কূটনীতিকদের জীবন রক্ষার্থে অবিলম্বে শহর ছাড়ার আহ্বান জানানো হচ্ছে।” একই সাথে স্থানীয় বাসিন্দাদেরও কিয়েভের প্রশাসনিক ও সামরিক অবকাঠামোর কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

ইউক্রেনের প্রতিক্রিয়া: ইউক্রেনের সামরিক বাহিনী স্টারোবিলস্কের ছাত্রাবাসে হামলার দায় অস্বীকার করেছে। তাদের দাবি, তারা সাধারণ নাগরিকদের ওপর নয়, বরং রুশ বাহিনীর একটি এলিট ড্রোন কমান্ড ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

 

রুশ হুমকি ও বিদেশিদের কিয়েভ ছাড়ার নির্দেশের পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিলহা (Andrii Sybiha) মিত্র দেশগুলোকে রাশিয়ার এই ‘ব্ল্যাকমেইল’-এর কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রুশরা বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।

 

এদিকে কিয়েভে অবস্থানরত প্রায় ৭০টিরও বেশি দেশের বিদেশি কূটনীতিকরা সোমবার এই হুমকির তোয়াক্কা না করে একাত্মতা প্রকাশ করতে সাম্প্রতিক রুশ হামলায় ক্ষতিগ্রস্ত একটি এলাকা পরিদর্শন করেছেন। ফরাসি রাষ্ট্রদূত গেল ভেইসিয়ার জানিয়েছেন, কিয়েভের সাধারণ মানুষ আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবেই দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।

 

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই কিয়েভে হাইপারসনিক ‘ওরেজনিক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। নতুন করে এই আলটিমেটাম চলমান যুদ্ধকে আরও ভয়াবহ রূপ দিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।