গৃহবধুর মৃত্যু, ফেঁসে যাচ্ছেন বিচারক শাশুড়ি!

Published: 28 May 2026

পোস্ট ডেস্ক :


ভারতের মধ্যপ্রদেশে বহুল আলোচিত তিশা শর্মা মৃত্যুর মামলায় ফেঁসে গেছেন তার শাশুড়ি, সাবেক বিচারক গিরিবালা সিং। তাকে গ্রেপ্তার করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। যৌতুকের জন্য নির্যাতন ও নিষ্ঠুর আচরণের অভিযোগে দায়ের হওয়া এ মামলায় তার আগাম জামিন বাতিল করা হয়। এরপর বৃহস্পতিবার তাকে হেফাজতে নেয় তদন্ত সংস্থাটি। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। কয়েকদিন ধরে এ ইস্যুটি ভারতে টক অব দ্য কান্ট্রি। পত্রিকার পাতায় পাতায়, টেলিভিশন চ্যানেলজুড়ে আছে এই ঘটনা।

তিশার স্বামী সমর্থ এবং তার মা গিরিবালা সিংকে ভুপালের সিবিআই কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। একদিন আগে মধ্যপ্রদেশ হাইকোর্ট ভুপালের একটি দায়রা আদালতের ১৫ মে দেয়া আদেশ বাতিল করে। ওই আদেশে গিরিবালা সিংকে আগাম জামিন দেয়া হয়। বিচারপতি দেবনারায়ণ মিশ্র জামিনের বিরুদ্ধে দায়ের হওয়া আবেদন গ্রহণ করে বলেন, গ্রেপ্তার থেকে সুরক্ষা দেয়ার আগে ট্রায়াল কোর্ট মামলার ডায়েরিতে থাকা তথ্য, সাক্ষীদের বক্তব্য এবং নিহতের পরিবারের আনা অভিযোগ যথাযথভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে।

তিশা শর্মার মৃত্যুকে ঘিরে ভারতীয় ন্যায় সংহিতার যৌতুক ও নির্যাতন সংক্রান্ত ধারায় এবং যৌতুক প্রতিরোধ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিবিআই। হাইকোর্ট তার আদেশে উল্লেখ করে, গত ১৩ মে থেকে তিশা শর্মার পরিবারের সদস্যদের কাছ থেকে নেয়া বক্তব্যে অভিযোগ ওঠে যে, গিরিবালা সিং ও তার ছেলে মিলে তিশার ওপর নির্যাতন চালাতেন এবং তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দিতেন।

আদালত আরও পর্যবেক্ষণ করেন, হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর আগে শরীরে একাধিক আঘাতের আলামত পাওয়ায় ঘটনাটির আরও গভীর তদন্ত প্রয়োজন। প্রসিকিউশন ও সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে বলা হয়, নোটিশ পাঠানো হলেও গিরিবালা সিং তদন্তে পুরোপুরি সহযোগিতা করেননি। অভিযোগের গুরুত্ব এবং তদন্তের বর্তমান পর্যায় বিবেচনায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন হতে পারে বলেও জানায় সংস্থাটি।

আগাম জামিন বাতিল হওয়ার পর বৃহস্পতিবার সিবিআই কর্মকর্তারা তিশা শর্মার মৃত্যুর ঘটনাকে ঘিরে চলমান তদন্তের অংশ হিসেবে গিরিবালা সিংকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন।